মেট্রোর সবকিছুই বিভিন্ন সংস্থার ব্র্যান্ডিংয়ে সেজে উঠছে। সদ্য শিয়ালদহ স্টেশনের নাম হয়েছে ক্যুরিয়ার সংস্থা ডিটিডিসি–র নামে। এবার পাল্টে যাচ্ছে চিরপরিচিত ছোট গোল চাকতির মতো টোকেনও। পুজো থেকেই নতুন টোকেন চালু হবে বলে মঙ্গলবার কলকাতা মেট্রো রেলের (Kolkata Metro) তরফে জানানো হয়েছে।
দুটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে মেট্রো রেল। ওই সংস্থার ব্র্যান্ডিংয়েই বদলে যাবে টোকেন। এদিন মেট্রোর (Kolkata Metro) প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার সাত্যকি নাথ এবং ওই দুই সংস্থার প্রতিনিধিরা ময়দান মেট্রো স্টেশনে নতুন টোকেন উদ্বোধন করেছেন।
উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রো বুকিং কাউন্টার থেকে যাত্রীদের কাছে এই ধরনের ২ লক্ষ নতুন টোকেন দেওয়া হবে। এবং কর্পোরেট সংস্থার ব্র্যান্ডিংয়ে লাভ হবে মেট্রোর। ইতিমধ্যেই মেট্রোর স্মার্টকার্ডে একটি বেসরকারি ব্যাঙ্ক ও হাসপাতালের ব্র্যান্ডিং হয়েছে। পাল্টেছে নতুন কার্ডের চেহারাও। এবার বদলাচ্ছে টোকেনও।


