বিদেশে মোটা বেতনের চাকরির টোপ দিয়ে ২০২২ সালে কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ১০জন তরুণকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে কলকাতার নিউটাউন থানা এলাকা থেকে অপহৃতদের আগেই উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল অপহরণকারী দলের ১১জনকে। তবে মূল অভিযুক্ত তখন পালিয়ে গিয়েছিল।
ঘটনার এক বছর পর হরিয়ানার পানিপথ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এনএসসিবিআই থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রবীন কুমার। তাকে জেরা করে চক্রের বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে হরিয়ানার এক বাসিন্দা অভিযোগ করেন, বিদেশে মোটা বেতনের চাকরির টোপ দিয়ে তাঁর ছেলেকে কলকাতা বিমানবন্দর থেকে অপহরণ করা হয়েছে। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ অপহৃতদের উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের মধ্যে ১১জনকে গ্রেফতার করে
মঙ্গলবার ধৃতকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে রাজ্যে নিয়ে আসা হয়। বারাকপুর আদালতে তোলা হলে ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।







