শান্তিনিকেতনে আরম্ভ হয়ে গেল ১২৫তম পৌষমেলা! গতকাল অর্থাৎ রবিবার ভোর থেকেই শান্তিনিকেতন গৃহ থেকে ভেসে আসে সানাইয়ের সুর। পরবর্তীতে ছাতিমতলায় উপাসনা। সকাল সাড়ে সাতটা নাগাদ উপাসনায় অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জীবকুমার মল্লিক। যদিও চলতি বছরে মেলায় আয়োজনে নেই বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বিশেষভাবে উল্লেখ্য, রাজ্য সরকার বীরভূম জেলার প্রশাসনকে দিয়ে ‘বিকল্প’ পৌষমেলার আয়োজন করে। সেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে সামিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম এ বছর রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন পূর্বপল্লির মাঠেই শান্তিনিকেতন পৌষমেলা পরিচালনা করছে। এই বিষয়ের প্রেক্ষিতে মন্ত্রী চন্দ্রনাথ সিং জানান, ‘ইতিমধ্যেই যাবতীয় আয়োজন সারা হয়েছে। মেলায় বসে গিয়েছে দোকানও। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মেলায় যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই জন্য প্রশাসনের তরফে যাবতীয় নজরদারি চালানো হচ্ছে। গাইড ম্যাপ প্রকাশ করে পুলিশের তরফ থেকেও বিভিন্ন জোনে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে।’







