দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা পরিবর্তন প্রসঙ্গে ঠান্ডা লড়াই অব্যাহত। মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা পরিবর্তন করতে বলা হয় রাজ্য সরকারকে। যা নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ শুক্রবার সংবাদমাধ্যমকে তার জবাব দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। জানানো হয়, এটা নতুন কিছু নয়, অনেকদিন ধরেই এই বিষয়ে আলোচনা চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর উবাচ ছিল, ‘আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। আলিপুর বডিগার্ড লাইন্স হেরিটেজ এলাকা, ভাঙতে দেব না। মেট্রোর কাজের জন্য আলিপুর বডিগার্ড লাইন্স ভাঙতে বলা হচ্ছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াকে হাত দিলে বিবেকানন্দ, রাসমণিকে মনে করতে হবে। ম্যাপ নিয়ে বসলে হবে না, এলাকা পরিদর্শনের পর সিদ্ধান্ত নিতে হবে। রুট বদলাতে হলে অনেক জায়গা আছে, আমাকে বলুন, আমি দেব। সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু হেরিটেজ ধ্বংস করতে দেব না।’
মেট্রো কর্তৃপক্ষের দাবি, মেট্রো সম্প্রসারণের জন্য কুড়ি সাল থেকে কলকাতা আর্মড পুলিসকে ৩ দফায় চিঠি লেখা হয়। ২০২২ সালের ৮ই ফেব্রুয়ারি, উক্ত বিষয়ে বৈঠক সম্পন্ন হয়। বডিগার্ড লাইনে ২টো নতুন বিল্ডিং বানিয়ে দেওয়া হবে, এমনই কথা হয়। পাশাপাশি, ক্ষতিপূরণ হিসাবে ৩ দফায় কলকাতা পুরসভাকে ৬০ কোটি ৬৫ লক্ষ টাকাও দেওয়া হয়েছে।







