শুক্রবার সকালে লেক কালীবাড়িতে যশ-নুসরত । যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে দেখা গেল তারকা সাংসদকে। ভরা বর্ষায় শ্রাবণ মাসেই ‘সেন্টিমেন্টাল’ ছবির শুটিং শুরু করেছিলেন। কারণ, শিব ঠাকুরের মাস নাকি যশ-নুসরত উভয়ের জন্যই শুভ। আর এবার সেই সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার আগেও ঈশ্বরের শরণাপন্ন হলেন তারকাজুটি।
এদিন লেক কালীবাড়ি চত্বরে নুসরতকে দেখা গেল সাদামাটা সালোয়ারে। যশও ক্যাজুয়াল পোশাকে। মন্দিরে প্রবেশ করেই মায়ের কাছে পুজো নিবেদন করলেন। ভক্তিভরে প্রণামও করতে দেখা গেল যশ-নুসরতকে। তাঁদের সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ‘সেন্টিমেন্টাল’ ছবির পরিচালক বাবা যাদবও। যশ এবং নুসরতের সঙ্গে তাঁকেও পুজো দিতে দেখা গেল।
বক্স অফিসে দারুণ রেজাল্টের আশাতেই মায়ের দরবারে যশ-নুসরত। এই সিনেমার সুবাদেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তারকাজুটি। যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান প্রযোজিত পয়লা ছবি ‘সেন্টিমেন্টাল’। অতঃপর সেই সিনেমার বক্স অফিস ফলাফল নিয়ে যে তাঁরা টেনশনে থাকবেন, সেটা বলাই বাহুল্য।







