তমলুকে টক্কর চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্যের। মঙ্গলবার দুপুরে গণনার প্রাথমিক ট্রেন্ডে ১৪ হাজারেরও অধিক ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে এবার সরব হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। বললেন, ‘যতক্ষণ না গণনা শেষ হচ্ছে, এখনও পর্যন্ত কিছু মন্তব্য করব না।’
প্রসঙ্গত, সাত দফা ভোটের ষষ্ঠ দফায় ভোট হয় তমলুকে। ভোট হয় ২৫ মে তারিখে। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৫০ হাজার ৫৩৪ জন। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া (তফসিলি জাতি),নন্দীগ্রাম। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উক্ত কেন্দ্রে তফশিলি জাতি ভোটার ১৪.০১ শতাংশ। তফশিলি উপজাতি ভোটার ০.২০ শতাংশ, মুসলিম ভোটার ১৬.৯০ শতাংশ।
ভোটে জয় নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী দেবাংশু। তাঁর উবাচ, ‘তমলুক লোকসভা কেন্দ্রে আমিই জিতব। যদি একটা ভোটে হয়, তাহলেও জিতব। এটা তমলুকের মানুষ ঠিক করে নিয়েছেন। বিজেপি যদি রাজ্যে ৪২ টার মধ্যে ৪০ আসনও পায়, তাহলেও তমলুক আসন তৃণমূল জিতবে। কারণ, আমি এখানে আছি। মানুষের সঙ্গে কথা বলেছি। ভোট করিয়েছি। এখানকার ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। তাঁরা আমাকেই ভোট দিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারছেন নিশ্চিত।’







