আজ বিকেল পাঁচটায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক। সরকারের তরফে জানানো হয়, এটা তাদের পঞ্চম এবং শেষ প্রচেষ্টা। মুখ্যসচিবের কাছ থেকে এই প্রসঙ্গে মেইল পাওয়ার পর আন্দোলনরত ডাক্তারদের জেনারেল বডির বৈঠক শুরু হয়। সেখানেই এবার সিদ্ধান্ত নেওয়া হবে।
এই প্রসঙ্গে এবার মন্তব্য করলেন আরজিকরকাণ্ডের নিহত নিহত মহিলা চিকিৎসকের বাবা। জানালেন, তিনি চান মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের বৈঠক হোক এবং দু’পক্ষের শুভবুদ্ধির উদয় হোক।
উল্লেখ্য, আন্দোলনকারীদের তরফে জানানো হয়, টালা থানার ওসি গ্রেফতার হওয়ার ফলে বৈঠকের ব্যাপার আরোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক্ষেত্রে তাঁদের একমাত্র দাবি, দু’পক্ষই ভিডিও করুক। দ্বিতীয় দাবি, তা যদি না হয়, সরকার ভিডিও করুক। বৈঠকের সমাপ্তির সঙ্গেসঙ্গেই তাঁদের হাতে ভিডিও দেওয়া হোক। তা’ও না হলে দু’পক্ষই বৈঠকের কার্যবিবরণী লিখবে। তাঁরা কার্যবিবরণী লেখার লোক সঙ্গে রাখছেন। সকলে সই করার পর সেটা তাঁদের হাতে তুলে দিতে হবে।
এই দাবিতে অবশেষে রাজি হয়েছে রাজ্য সরকার। কার্যবিবরণীতে দুই পক্ষেরই সই থাকবে, সেই কথা রাজ্যের তরফে ইমেলে জানানো হয়েছে।






