দুর্গা পুজোর উন্মাদনায় শিয়ালদহ ডিভিশনের ট্রেন যাত্রায় নতুন মাইলফলক স্পর্শ! পূর্ব রেলের তথ্য অনুযায়ী, এবছরের পঞ্চমী থেকে দশমী (৮-১২ অক্টোবর) পর্যন্ত এই ডিভিশনে ১ কোটির বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করেছেন। কলকাতার পুজো দেখতে কৃষ্ণনগর, ক্যানিং, বালি, বেলুড় সহ বিভিন্ন জেলা থেকে মানুষ এসে ভরিয়েছেন লোকাল ট্রেনের কামরা। গত বছরের তুলনায় এবার যাত্রী সংখ্যা বেড়েছে ৫.১৬ শতাংশ, যা পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে।
প্রতিদিন গড়ে ২০ লক্ষ যাত্রী ট্রেনে ভ্রমণ করেছেন, যা সাধারণ দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। রেলের পক্ষ থেকে এ ভিড় সামাল দিতে নেওয়া হয়েছিল বিশেষ উদ্যোগ। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে আরপিএফ মোতায়েন, মেডিক্যাল টিম, এবং সাহায্যের জন্য বিশেষ বুথ স্থাপন করা হয়। শিয়ালদহ স্টেশনেও ছিল যাত্রীদের সহায়তায় বিশেষ ব্যবস্থা।
এত বিপুল ভিড়েও পূর্ব রেল নিশ্চিত করেছে, যাত্রীদের কোনও অসুবিধা হয়নি। সকলেই নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছেছেন। অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে নিয়মিত ট্রেনের পাশাপাশি চালানো হয়েছিল বিশেষ পুজো ট্রেনও। এই অভূতপূর্ব যাত্রী চাপ সামলানোর মাধ্যমে রেলের কর্তারা এক নতুন নজির স্থাপন করলেন।







