ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এ ৬ ম্যাচ খেলে ইতিমধ্যেই ২২টি হলুদ কার্ড সংগ্রহ করেছে মোহন বাগান সুপার জায়ান্ট, যা বর্তমানে লিগে সর্বাধিক। তবে শৃঙ্খলার চেয়ে লিগ জেতাই বেশি গুরুত্বপূর্ণ বলে জানালেন কোচ হোসে মোলিনা। তিনি বললেন, “মোহন বাগান আমাকে এখানে এনেছে ISL জয়ের জন্য, ফেয়ার প্লে ট্রফি জেতার জন্য নয়।”
সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (ACL2) খেলার সুযোগ হারানো নিয়ে মোলিনা অসন্তোষ প্রকাশ করেন। ইরানে নিরাপত্তার কারণ দেখিয়ে দলটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ থেকে বিরত থাকে। তিনি বলেন, “আমি খুশি নই এএফসি’র এই সিদ্ধান্তে। খেলোয়াড়দের মতোই আমি এশিয়ায় ভারতীয় দলের শক্তি প্রমাণ করতে চেয়েছিলাম, তবে এবার সম্ভব হচ্ছে না।”
মোহন বাগান বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কোচ মোলিনা মনে করেন, দলের সাম্প্রতিক জয়ে গ্রেগ স্টুয়ার্ট, অনিরুদ্ধ থাপা এবং ডিফেন্ডার টম অ্যালড্রেড ও আলবার্তো রদ্রিগেজের অবদান বড় ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, “ব্যাঙ্গালুরুর কাছে ০-৩ গোলে পরাজয়ের পর আমরা দলের ভারসাম্যের ঘাটতি অনুভব করেছিলাম। কিন্তু অ্যালড্রেড এবং রদ্রিগেজ একসাথে খেলা শুরু করার পর থেকে আমরা সাতটি গোল করেছি, তবে একটিও হজম করিনি।”
মোলিনা শেষ করেন, “অতীত নিয়ে ভাবি না, বর্তমানকেই উপভোগ করি।”







