পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দুটি দলই অতীতে একাধিকবার বিশ্বকাপের নকআউট পর্বে উঠলেও এখনো কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। তাই এই ম্যাচ দু’দলের জন্যই বড় সুযোগ কিছু পাওয়ার।
দুই দলই ভারসাম্যপূর্ণ হলেও ব্যাটিং শক্তি ও বোলিং আক্রমণ বেশ কাছাকাছি। যদিও পেস বিভাগে সামান্য ইনজুরি সমস্যা আছে উভয় শিবিরেই, তবুও ম্যারাথন যুদ্ধের জন্য তারা প্রস্তুত। তবে ম্যাচের ফারাক গড়তে পারে স্পিন বিভাগ। দক্ষিণ আফ্রিকা একমাত্র কেশব মহারাজকে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলালেও নিউজিল্যান্ডের আছে অধিনায়ক মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলের অভিজ্ঞতা। মহারাজ মূলত রক্ষণাত্মক ভূমিকায় থাকবেন, তাই স্পিনারদের অর্থনৈতিক বোলিংই এই ম্যাচে গুরুত্বপূর্ণ হতে পারে।
ব্যাটিং বিভাগে নজর থাকবে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের ওপর। মিলারের এটি শেষ ওডিআই টুর্নামেন্ট হতে পারে, তাই বড় মঞ্চে তিনি অবদান রাখতে চাইবেন। অন্যদিকে, উইলিয়ামসনের ব্যাটিং গড় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৭.৩৫, যা তাকে দলের জন্য অপরিহার্য ব্যাটার করে তুলেছে। এছাড়া, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপ্সও ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন।
পিচ রিপোর্ট বলছে, ৩১৬ গড় প্রথম ইনিংস স্কোর, ফলে বড় রানের ম্যাচ হতে পারে। আবহাওয়া পরিষ্কার থাকবে। দু’দলই একে অপরের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা রাখে, তাই হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেটবিশ্ব।
মঙ্গলবার ভারত অস্ট্রেলিয়া কে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে টিকিট পাকা করেছে। ফলত ফাইনাল হতে চলেছে দুবাইয়ে। তাই আজকের নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে জানা যাবে আগামী রবিবারে রোহিতদের প্রতিপক্ষ কারা হবে।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেলটন, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র/ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও’রউর্ক।







