অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনায় বাড়ছে শোরগোল। দিনের আলোয় গুলি বিদ্দ্ব হয়ে নিহত বিহারের গয়ায় কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জির নাতনি। মৃতের নাম সুষমা দেবী।
এই হত্যাকাণ্ডের সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই ঘটনায় অভিযুক্ত সুষমা দেবীর স্বামী রমেশ।
এই ঘটনায়, পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি, অভিযুক্ত স্বামীর খোঁজ অভিযান চালানো হচ্ছে বলে খবর।
সূত্রের খবর, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আটারি ব্লকের তেতুয়া গ্রামে। সুষমা আটারি ব্লকে ‘বিকাশ মিত্র’ হিসেবে নিযুক্ত ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত রমেশ পাটনায় ট্রাক চালক ছিলেন।
জানা যায়, বুধবার দুপুর ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযুক্ত রমেশ সুষমাকে গুলি করে পিস্তলটি ফেলে পলাতক হয়। গুলির শব্দ শুনে, স্থানীয়রা সুষমার বাড়িতে পৌঁছে দেখেন যে, সুষমা ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ।
তারপরেই সুষমাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই, পুলিশ মামলার তদন্ত শুরু করে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সমগ্র গ্রামে সৃষ্টি হয় তুমুল চাঞ্চল্য।







