কাশ্মীরের শান্ত ভূস্বর্গ মুহূর্তের মধ্যে পরিণত হল রক্তক্ষয়ী প্রান্তরে। জঙ্গি হামলায় প্রাণ হারালেন ২৬ জন নিরীহ পর্যটক, আহত হলেন আরও অনেকে। কারও পরিবারের সঙ্গে ছুটি কাটানোর স্বপ্ন, কারও বা মধুচন্দ্রিমার রঙিন মুহূর্ত—সবকিছু নিমেষে স্তব্ধ করে দিল জঙ্গিদের বুলেট। এই নৃশংস ঘটনায় স্তম্ভিত গোটা দেশ, এবং এর তীব্র নিন্দা জানাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ।
বলিউড থেকে টলিউডের তারকারা সোশ্যাল মিডিয়ায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। সরকারের কাছে জঙ্গিদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। তবে এই পরিস্থিতিতে ভিন্ন সুর শোনা গেল ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কণ্ঠে।
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ নিয়ে সরব হয়েছিলেন বিবেক। এবার কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে গিয়েও টেনে আনলেন বাংলার প্রসঙ্গ। মঙ্গলবার কাশ্মীরের হামলার খবর পেয়ে শিকাগো থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “শিকাগোতে অবতরণ করে কাশ্মীরের ভয়াবহ ঘটনাটি শুনলাম। এই আশঙ্কা আমার বহু দিন ধরেই ছিল। আমার মনে হচ্ছিল, কাশ্মীরে প্রকৃত শান্তি নেই, কেবল জোর করে তা বজায় রাখার চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে কাশ্মীরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন।”
এখানেই থামেননি বিবেক। অপ্রত্যাশিতভাবে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, “তবে শুধু কাশ্মীর নয়, বাংলার দিকেও নজর দিন যাতে আর একটি দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। সম্ভবত আমরা সকলেই সেটাই চাই।”
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বিবেক অগ্নিহোত্রীর ‘দিল্লি ফাইলস’ সিনেমার শুটিং চলাকালীন মুর্শিদাবাদে উত্তেজনা সৃষ্টি হওয়ায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন পরিচালক। সেই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বিবেক। কাশ্মীরের এই মর্মান্তিক হামলার পর তাঁর এই মন্তব্য তাই তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন তিনি কাশ্মীরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন, তেমনই পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়েও আগাম সতর্কবার্তা দিচ্ছেন।







