পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে নতুন করে বিতর্কের ঝড়। সম্প্রতি সমাজমাধ্যমে একটি শারীরিক পরীক্ষার রিপোর্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, জেলে থাকার সময় ইমরান শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। যদিও ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’ এই রিপোর্টের সত্যতা যাচাই করতে পারেনি।
রিপোর্টটিতে রাওয়ালপিণ্ডির পাক এমিরেটস মিলিটারি হাসপাতালের নাম রয়েছে। দাবি করা হয়েছে, ২০২৪ সালের ৩ মার্চ অচৈতন্য অবস্থায় ইমরানকে জেল থেকে উদ্ধার করা হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে বলে উল্লেখ করা হয়েছে। আরও দাবি, এই রিপোর্ট সেনার সদর দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে, পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ডন’-এর অনলাইন সংস্করণের একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছে, যেখানে একই রিপোর্টের উল্লেখ রয়েছে। তবে সেটির সত্যতাও এখনও নির্ধারিত নয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট তোষাখানা মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। প্রথমে অটোক জেলে এবং পরে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে স্থানান্তর করা হয় তাঁকে। ইমরানের পরিবার ও সমর্থকরা একাধিকবার তাঁর প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন। ইমরান ও তাঁর স্ত্রী অভিযোগ করেছেন, তাঁকে ‘জঙ্গি’ সেলের মতো কুঠুরিতে রাখা হয়েছে। এই পটভূমিতে তাঁর উপর ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে।
আরও তথ্যের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।







