বিশ্বাস করতে কষ্ট হলেও ঘটনা একেবারে সত্যি। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের গ্রীন বে শহরে অবস্থিত HSHS St. Vincent Hospital-এ একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ১৪ জন নার্স। ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতাল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ১৪ জন নার্সই হাসপাতালের নারী ও শিশু কেন্দ্র বিভাগে কাজ করেন—যেখানে প্রতিদিন নতুন প্রাণের আগমন ঘটে। ভাগ্যের কী নিদারুণ ইঙ্গিত! জীবনের জন্মদাত্রীদের সহায়তা করতে করতে নিজেরাই এক নতুন জীবনের আশায় বুক বাঁধছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সকলেই প্রায় একই সময়ে গর্ভধারণ করেছেন। তবে এতজন একসঙ্গে অন্তঃসত্ত্বা হলেও তাঁদের পেশাগত দায়িত্বে কোনও ঘাটতি নেই। বরং এই অভিন্ন অভিজ্ঞতা তাঁদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি করেছে। একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, এমনকি মানসিকভাবে পাশে থাকতেও দেখা যাচ্ছে তাঁদের।
হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে একটু চিন্তিত হলেও, পরে এই ঘটনাকে ইতিবাচকভাবে নিয়েছেন। একসঙ্গে এতজন নার্সের মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া কিছুটা চ্যালেঞ্জের সৃষ্টি করলেও, তাঁরা যতদিন আছেন, দায়িত্বে কোনওরকম ফাঁক রাখছেন না বলেই জানা গেছে।
এই ঘটনাটি প্রমাণ করে—বাস্তব জীবনে কখনও কখনও এমন কাকতালীয় মুহূর্ত তৈরি হয় যা কল্পনাকেও হার মানায়। এখন সকলের নজর, এই ১৪ জন নার্সের একসঙ্গে মাতৃত্বযাত্রা কতটা সুন্দরভাবে এগোয় সেই দিকেই।







