১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ব্লকবাস্টার ছবি ‘বর্ডার’ দর্শকদের মন জয় করার পাশাপাশি বক্স অফিসেও ব্যাপক সাফল্য পেয়েছিল। সেই ঐতিহাসিক যুদ্ধচলচ্চিত্রের সিক্যুয়েল হিসেবে এবার আসছে ‘বর্ডার ২’। ছবিতে দেখা যাবে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টিকে। তবে এবার আর থাকছেন না ‘বর্ডার’ ছবির অন্যতম মুখ সুনীল শেট্টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল শেট্টিকে প্রশ্ন করা হয়, ‘বর্ডার ২’-তে না থাকার কারণে তাঁর মন খারাপ কি না। জবাবে সুনীল বলেন,”হ্যাঁ, খারাপ লেগেছে। তবে আবার ভালো লাগাও আছে, কারণ এই ছবিতে আমার ছেলে আহান অভিনয় করছে। যদি ভাইরোঁ সিং না থাকে, তাহলে অন্তত আহান তো আছে।”
ছবির নতুন অভিনেতাদের প্রসঙ্গে সুনীল বলেন,”আমার সব পছন্দের অভিনেতা এই ছবির অংশ। সানির সঙ্গে আমার রসায়ন দারুণ। আর বরুন তো আহানের দাদার মতো, সবসময় ওর খেয়াল রাখছে।” তিনি আরও যোগ করেন,”বরুন এবং আহান একসঙ্গে যেন ম্যাজিকাল। বরুন ওর প্রতি খুবই যত্নবান। আহান আমাকে বলত,’বাবা, বরুণ খুব ভালো ছেলে’। এমন সম্পর্ক সত্যিই স্পেশাল।” এছাড়া, দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন আহান। সেই নিয়ে সুনীল বলেন,”আহান দিলজিতের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে। আমি নিজেও ‘বর্ডার ২’ দেখার জন্য অপেক্ষা করছি।”
‘বর্ডার ২’ নিয়ে আবেগপ্রবণ আহান শেট্টি জানিয়েছেন,”বর্ডার আমার কাছে শুধু সিনেমা নয়, এটা একটা ঐতিহ্য। এটা আমার স্বপ্ন। যখন ছবির শুটিং চলছিল, তখন আমার মা গর্ভবতী ছিলেন এবং তিনি বাবার সঙ্গে দেখা করতে সেটে যেতেন। আজ আমি যা কিছু, সবই বাবার জন্য। তিনি যে ঐতিহ্য তৈরি করেছেন, আমি সেটা সম্মান করার চেষ্টা করব।” উল্লেখ্য, সুনীল শেট্টিকে খুব শীঘ্রই দেখা যাবে ‘কেশরী বীর’ ছবিতে। সেখানে তাঁর সঙ্গে থাকছেন সূরজ পাঞ্চোলি, বিবেক ওবেরয় এবং আকাঙ্ক্ষা শর্মা।







