জিএফএস সহ পাঁচটি আন্তর্জাতিক আবহাওয়া মডেল পূর্বাভাস দিয়েছিল যে ভারতের দুই প্রান্তে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে নতুন কিছু মার্কিন ও জার্মান আবহাওয়া মডেল জানাচ্ছে, প্রবল বৃষ্টিপাতের জেরে ঘূর্ণিঝড় গঠনের আগেই তার শক্তিক্ষয় হচ্ছে। এর ফলে আরব সাগরে পৃথক কোনও ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমছে। তবে ভারতের মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, আগামী দিনে ভয়াবহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
গত বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টিতে মুম্বই কার্যত জলমগ্ন হয়ে পড়ে। সান্তাক্রুজে ২৭ মিমি এবং কোলাবায় ১০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তাপমাত্রাও হঠাৎ কমে গেছে—সান্তাক্রুজে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। মে মাসে ইতিমধ্যে মুম্বইয়ে ১০০ মিমির বেশি বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের থেকে প্রায় ৭ গুণ বেশি।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবে আইএমডি মুম্বই, থানে ও পালঘরের জন্য কমলা সতর্কতা এবং রায়গড় ও রত্নগিরিতে লাল সতর্কতা জারি করেছে। পুণেতেও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে, কারণ আবহাওয়ার এই সিস্টেমটি এখন উত্তর দিকে সরে যাচ্ছে।
আইএমডি মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে। সমুদ্র উত্তাল হবে, ২২-২৭ মে’র মধ্যে গভীর সমুদ্রে যাওয়া একেবারে নিষেধ। পাশাপাশি গুজরাত, কর্ণাটক, কেরালা ও কোঙ্কন অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ২২-২৪ মে কোঙ্কন ও গোয়ায় বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আইএমডি।







