নদিয়ার শান্তিপুরে ফের তড়িতাহত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এবার এক গর্ভবতী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতার নাম তিশা হাজরা। পরিবার সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় বাড়ির লোহার গেটে হেলান দিয়ে বসেছিলেন তিশা। আচমকাই গেটটি বিদ্যুৎ পরিবাহী হয়ে ওঠে এবং ঘটনাস্থলেই তড়িতাহত হন তিনি।
প্রতিবেশীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে স্থানীয় শান্তিপুর স্টেট্ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিশার মা জানান, দীর্ঘদিন সন্তান না হওয়ার সমস্যায় ভুগছিলেন তাঁর মেয়ে। সম্প্রতি তিনি পাঁচ মাসের গর্ভবতী হন। হঠাৎ এই দুর্ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। কীভাবে লোহার গেটে বিদ্যুৎ সংযোগ ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, গেটের সঙ্গে ঘরের বৈদ্যুতিক লাইনের কোনো ত্রুটি থাকতেই পারে।
পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ দুটোই ছড়িয়ে পড়েছে। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।







