রাজনীতি

কালীগঞ্জের রণক্ষেত্রে শুভেন্দু-সুকান্ত! সন্দেশখালীর রেখা পাত্রকে সঙ্গে নিয়ে জনসমর্থন চূড়ান্ত করতে ঝড় তুললেন বিজেপি শিবির

উপনির্বাচনের উত্তাপ চরমে। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে এখন কালীগঞ্জ বিধানসভা। ১৯ জুন উপনির্বাচনের আগেই জনমত ঘরবন্দি করতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। আর সেই লক্ষ্যে মঙ্গলবার কালীগঞ্জের পলাশী অঞ্চলে দেখা গেল দলের হেভিওয়েট নেতাদের—শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে।

বিজেপির প্রার্থী আশীষ ঘোষের সমর্থনে এদিন বিশাল মিছিলের আয়োজন করা হয় পলাশী হাসপাতাল মাঠ থেকে পলাশী রেলগেট পর্যন্ত। মিছিল শেষে জনসভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সন্দেশখালীর নির্যাতিতা মহিলা রেখা পাত্র।

সন্দেশখালীর অভিযোগ নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে বিজেপি। সেই বার্তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের ভোটযুদ্ধে জনসংযোগ আরও মজবুত করার পরিকল্পনায় দল। শুভেন্দু অধিকারী জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “রাজ্যে নারী সুরক্ষা নেই, গণতন্ত্র নেই— এই উপনির্বাচন থেকেই পরিবর্তনের সূচনা হবে।”

রেখা পাত্রের উপস্থিতিও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মঞ্চে উঠে তিনি বলেন, “আমরা অত্যাচারের শিকার। আমি চাই, বাংলা আবার সুরক্ষিত হোক।”

মাঠে মানুষের ভিড়, স্লোগানে উত্তাল রাস্তা— বিজেপির প্রচারে যেন আজ রাজপথই হয়ে উঠেছিল গণজোয়ারের প্রতিচ্ছবি।

উপনির্বাচনের ঠিক আগমুহূর্তে এই শক্তি প্রদর্শন আদৌ কতটা ভোটবাক্সে প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। তবে রাজনৈতিক উত্তাপ যে এখন তুঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.