কলকাতা শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার খিদিরপুর বাজারে আগুন, আর তা যেন সেঞ্চুরি পার করলো ক্ষতির অঙ্কে! আর এই আগুনের নেপথ্যে যে নিছকই দুর্ঘটনা নেই, তা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
অভিযোগের তির সরাসরি রাজ্যের তৃণমূল শীর্ষ নেতৃত্বের দিকে। অর্জুন সিং দাবি করেছেন, রাজ্যের প্রভাবশালী মন্ত্রী সুজিত বসু, ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিন্ডিকেট’ই এই অগ্নিকাণ্ডের নেপথ্যে। তাঁর কথায়, “বাজারের জমি এক বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব গোয়েংকার হাতে তুলে দেওয়ার ব্লু-প্রিন্ট তৈরি হয়ে গেছে আগেই। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আগুন লাগানো হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, বাজারের নিয়ন্ত্রণ নিয়ে গোপন আঁতাতে যুক্ত রোল বিক্রেতা থেকে মন্ত্রী! “সুজিত বসু আজ হাজার কোটি টাকার মালিক! বাজারের পেছনে তার ও ববি হাকিমের যৌথ খেলা চলছে,” – বিস্ফোরক অভিযোগ করেন অর্জুন সিং।
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, আগুন লাগার পর দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছাতে দু’ঘণ্টা দেরি করে। তা-ও কি ইচ্ছাকৃত? এমনই সন্দেহ উস্কে দিয়েছেন অর্জুন।
ঘটনাস্থল পরিদর্শনে আগামীকাল শুভেন্দু অধিকারী যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্জুন সিং নিজেও যাবেন বলে জানিয়েছেন। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয়ে নিরপেক্ষ তদন্তের দাবিও তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এই ঘটনা ঘিরে শহর জুড়ে রাজনৈতিক তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এখন দেখার, এর তদন্ত আদৌ হয় কি না, নাকি সব অভিযোগ চাপা পড়ে যায় ধোঁয়ার কুয়াশায়!







