সপ্তাহের শেষে ইএম বাইপাস, সল্টলেক, নিউটাউন বা বিমানবন্দরমুখী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করল কলকাতা পুলিশ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নির্মাণকাজের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে চিংড়িঘাটা ফ্লাইওভার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরভিএনএলের তত্ত্বাবধানে বিশ্ব বাংলা সরণির উপর মেট্রো পিলারের সেগমেন্ট লঞ্চিংয়ের কাজ চলবে। নিরাপত্তার স্বার্থে ২৬ জুন রাত ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত এবং ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভারে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই সময়ে সল্টলেক ও নিউটাউনমুখী উত্তরগামী যানবাহনকে বিকল্প পথে চালিত করা হবে। বেলেঘাটা মেইন রোড ও ইএম বাইপাস ক্রসিং থেকে গাড়িগুলিকে ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
কলকাতা পুলিশের দাবি, জনস্বার্থে এবং দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার অফিস শুরুর আগেই ফ্লাইওভার খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নির্দিষ্ট দিনগুলিতে ইএম বাইপাস সংলগ্ন এলাকায় যানবাহনের চাপ বাড়তে পারে। তাই যাত্রী ও চালকদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে লালবাজার।







