নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে একপ্রকার নিশ্চিত জয় পেতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। এখনও সরকারিভাবে ফল ঘোষণা না হলেও, অষ্টাদশ রাউন্ডের শেষে তিনি প্রায় ৪৮ হাজার ভোটে এগিয়ে থাকায় জয়ের ছবি একরকম স্পষ্ট। বিজেপি এবং বাম-কংগ্রেস জোট প্রার্থীদের অনেক যোজন পিছনে ফেলে দিয়েছেন তিনি। প্রথম রাউন্ড থেকেই যে ব্যবধান গড়ে উঠেছিল, তা প্রতিটি পরবর্তী রাউন্ডে আরও দৃঢ় হয়েছে।
এই বিপুল জনসমর্থনের প্রতিক্রিয়ায় সোমবার দুপুরে সমাজমাধ্যম ‘এক্স’-এ বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “কালীগঞ্জের সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। মা-মাটি-মানুষই এই জয়ের মূল কারিগর। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মানুষকে উৎসর্গ করছি।”
প্রসঙ্গত, নাসিরুদ্দিন আহমেদের অকালপ্রয়াণের পর এই উপনির্বাচনের আয়োজন করা হয়। ১৯ জুন, বৃহস্পতিবার ভোটগ্রহণে রেকর্ড ৭২.৫ শতাংশ ভোট পড়ে, যা নতুন করে নানা জল্পনার জন্ম দেয়।
তবে সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে শুরু হওয়া গণনায় প্রথম থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। এক রাউন্ডের পর আর এক রাউন্ডে ব্যবধান বাড়িয়েই গেছেন তিনি। শেষমেশ বিরোধীদের ধরাছোঁয়ার বাইরে চলে যান আলিফা।
কালীগঞ্জে এই জয় কেবল একটি আসন ধরে রাখার লড়াই নয়, এটা শাসক দলের সংগঠন ও জনভিত্তির উপর পুনরায় আস্থার মোহর।







