রথযাত্রার আগে ফের চাঞ্চল্য পুরীর জগন্নাথ মন্দিরে। গত কয়েক মাস ধরে একের পর এক ঘটনা ঘটেই চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে। এবার সেই মন্দিরেই উঠল চুরির অভিযোগ। মন্দির থেকে গায়েব হয়ে গেল ভগবান জগন্নাথের জন্য বিশেষভাবে তৈরি ৭০টি ‘দশমূল মোদক’।
কয়েক মাস আগেই চিলে নিয়ে গিয়েছিল পুরীর জগন্নাথমন্দিরের ধ্বজ। তারপরে কিছুদিন আগেই নিয়ম ভেঙে মন্দির চত্বরে ঢুকে আসে ড্রোন। এরকম ধরনের ঘটনার মাঝে ফের ঘটে গেল এক বেনজির ঘটনা। রাজবৈদ্যের দ্বারা প্রস্তুত মোট ৩১৩টি অমুনিয়া মোদক নির্দিষ্ট কক্ষে দেবতাকে নিবেদন করার জন্য রাখা হয়েছিল। গত ২১ জুন অনাবসর একাদশীর রাতে পবিত্র অনুষ্ঠানের সময় ৭০টি মোদক উধাও হয়ে যায়।
এই বিষয়টি সবার প্রথম চোখে পরে বলভদ্রের সেবায়েত হলধর দাস মহাপাত্রের। এরপরই খবর পৌঁছে যায় মন্দিরের প্রশাসনের কানে। তারপরে এই বিষয় নিয়ে নড়ে চড়ে বসে মন দিয়ে প্রশাসন। স্নানযাত্রার পর রথ যাত্রার আগে আয়ুর্বেদিক এই নৈবেদ্য হল এক অন্যতম গুরুত্বপূর্ণ আচার। যার ফলে উদ্বেগ বাড়ছে মন্দির প্রশাসন ও ভক্ত মহলে।







