এক চরম হৃদয়বিদারক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের কাশগঞ্জ জেলার নাগদা ঢাক গ্রামে। নুন বেশি হওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রাণ হারালেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারী।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ২৫ বছর বয়সী ব্রজবালা গত বুধবার সন্ধ্যায় স্বামীর জন্য রান্না করছিলেন। ভুল করে খাবারে বেশি নুন দিয়ে ফেলেন। এই সামান্য বিষয় নিয়েই চটে ওঠেন স্বামী রামু। শুরু হয় তুমুল কথা কাটাকাটি, আর তা কিছুক্ষণের মধ্যেই ভয়ানক হিংসায় রূপ নেয়।
অভিযোগ, রামু স্ত্রীকে নির্মমভাবে মারধর করতে শুরু করেন। তার জেরে ব্রজবালা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় আলিগড় মেডিক্যাল কলেজে, যেখানে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় নতুন মোড় এনে দিয়েছে ব্রজবালার ভাইয়ের অভিযোগ। তিনি জানান, রামুর নিজের স্ত্রীর ছোট বোনের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, যা ব্রজবালা জানতেন এবং সে বিষয়ে প্রতিবাদ করতেন। এই কারণেই তাঁদের মধ্যে প্রায়শই অশান্তি চলত।
ব্রজবালার মৃত্যুর পর থেকেই রামু পালানোর চেষ্টা করছিল বলে জানায় পুলিশ। কিন্তু গ্রামবাসীরা সেদিন রাতেই তাকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে রামুর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে। ব্রজবালার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।







