সুন্দরবনের আকাশে বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী থাকল এলাকার বাসিন্দা থেকে স্কুলপড়ুয়া শিশুরা। মঙ্গলবার সকাল প্রায় পৌনে ১১টা নাগাদ বকুলতলা অঞ্চলের আকাশে হঠাৎই দেখা গেল এক রহস্যময় বৃত্ত। বিদ্যালয়ের প্রাঙ্গণে তখন সদ্য পৌঁছেছে পড়ুয়ারা। ঠিক সেই সময় আকাশের দিকে তাকিয়ে থমকে দাঁড়াল তারা। বিস্ময় আর কৌতূহলে তারা অবাক দৃষ্টিতে চেয়ে রইল আকাশের দিকে।
বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল সামন্ত জানান,”স্কুলে ঢুকছি তখনই দেখি ছেলেমেয়েরা বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে। আমায় বলছে স্যার, আকাশে দেখুন। আমি তাকিয়ে দেখি সূর্য বলয়, এক অসাধারণ দৃশ্য। আমাদের ভাগ্য ভালো যে এমন দৃশ্য নিজের চোখে দেখতে পারলাম। প্রায় দশ মিনিট স্থায়ী হয়েছিল সেটি।” এই দৃশ্য দেখে শুধু ছাত্রছাত্রীরাই নয়, এলাকার বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন সেই অপূর্ব দৃশ্য উপভোগ করতে। আকস্মিকভাবে দেখা দেওয়া এই সূর্য বলয় এলাকায় বেশ আলোড়ন ফেলে দেয়।
আসলে সূর্য বলয় হল সূর্যের চারপাশে প্রায় ২২ ডিগ্রি কোণে একটি আলোর বৃত্ত। এটি তখনই তৈরি হয়, যখন উচ্চ বায়ুমণ্ডলে থাকা বরফকণা সূর্যের আলোকে প্রতিসরণ ও প্রতিফলনের মাধ্যমে একটি বৃত্তের আকার দেয়। সাধারণত মেঘাচ্ছন্ন আবহাওয়ার পরে যখন আকাশ পরিষ্কার থাকে, তখনই এমন দৃশ্য চোখে পড়ে। এদিন প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পর সুন্দরবনের আকাশ ছিল রোদ ঝলমলে। সেই সুযোগেই ধরা দিল এই বিস্ময়কর দৃশ্য, যা বহু মানুষের মনে রয়ে যাবে এক অমলিন স্মৃতি হিসেবে।







