জেলা

এগরায় সরকারি জমি দখল ঘিরে তৃণমূলে সংঘাত! ক্লাবঘর নির্মাণে বিধায়ক ও সভাধিপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পৌরসভার চেয়ারম্যানের

জমি দখল করে ক্লাবঘর নির্মাণকে কেন্দ্র করে ফের উত্তাল পূর্ব মেদিনীপুরের এগরা। সরাসরি শাসকদলের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে মুখ খুললেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। অভিযোগ, “তৃণমূলের আশীর্বাদেই” দখলদারি চলছে শহরের প্রাণকেন্দ্রে। দলেরই নির্বাচিত চেয়ারম্যানের এমন অবস্থান প্রকাশ্যে এনে দিয়েছে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব।

ঘটনাস্থল, এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড। সেন্ট্রাল বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় সম্প্রতি এক ক্লাবঘরের ঘটা করে উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক-সহ শাসকদলের একাধিক কাউন্সিলর ও নেতা। কিন্তু সেই ক্লাবঘর যে পুরসভার জমিতে অবৈধভাবে তৈরি হয়েছে, তা নিয়ে সরব হয়েছেন স্বপন নায়ক নিজেই। তাঁর বক্তব্য, “আমি বারবার অনুরোধ করেছি, তবুও তাঁরা সরকারি জমি দখল করে ক্লাব ঘর করতে উৎসাহ দিচ্ছেন। আমি মুখ্যমন্ত্রী দপ্তরে লিখিত অভিযোগ জানাব।”

এখানেই থামেননি চেয়ারম্যান। আরও অভিযোগ তুলেছেন, এগরা পুরসভার কাউন্সিলর জয়ন্ত সাউ সরকারি বিশ্রামাগার দখল করে দোকান খুলেছেন। দলের একাংশ ক্ষমতার অপব্যবহার করে পার্টি অফিস পর্যন্ত তৈরি করেছেন সরকারি জমিতে।

চেয়ারে বসে থাকা সত্ত্বেও, স্বপনবাবুর এহেন প্রকাশ্য ক্ষোভ কার্যত তৃণমূলের গোষ্ঠীকোন্দলের বার্তা স্পষ্ট করে তুলেছে। যদিও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, “এসব ভিত্তিহীন অভিযোগ। কে কী বলছে, তার উত্তর দেওয়ার প্রয়োজন নেই।”

বিষয়টি নিয়ে ক্লাবঘরের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, চেয়ারম্যানের এই অবস্থানকে সমর্থন করেছে বিরোধীরা। কংগ্রেস ও বিজেপি – দুই দলেরই নেতৃত্ব স্বপনবাবুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, “এই প্রথম শাসকদলের ভেতর থেকেই কেউ স্পষ্টভাবে অন্যায়ের বিরুদ্ধে গলা তুলেছেন।”

এগরা পুরসভায় এর আগেও সরকারি জমি দখল নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এবার সেই বিতর্কের কেন্দ্রে স্বয়ং শাসকদলেরই নির্বাচিত জনপ্রতিনিধিরা, যা স্বাভাবিকভাবেই রাজনৈতিক জলঘোলা আরও বাড়াতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.