রাজ্য

SIR নিয়ে নবান্ন-কমিশন সংঘাত তুঙ্গে, রাজ্যের স্পষ্ট বার্তা—‘এখনই নয়’

বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (SIR) শুরু হলেও, পশ্চিমবঙ্গ আপাতত সেই পথে হাঁটছে না। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে মুখ্যসচিব মনোজ পন্থ স্পষ্ট জানিয়েছেন—SIR চালানোর জন্য ন্যূনতম দু’বছর সময় লাগে, তাই এখনই তা সম্ভব নয়।

এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নির্বাচন কমিশনকে জানিয়েছিল যে বাংলা প্রস্তুত। কিন্তু নবান্নের সর্বশেষ চিঠি সেই অবস্থানকে উল্টে দিয়েছে। মুখ্যসচিব চিঠিতে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন—রাজ্যের সঙ্গে পরামর্শ না করেই কেন সিইও দফতর এমন বার্তা পাঠাল?

রাজ্যের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, “SIR আটকানোর চেষ্টা হচ্ছে, কারণ এতে অবৈধ ভোটারদের তালিকা ফাঁস হয়ে যাবে।” তাঁর দাবি, কমিশন দেশের সার্বভৌম স্বার্থে ব্যবস্থা নেবে এবং SIR ছাড়া বিজেপি নির্বাচনে যাবে না।

অন্যদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, “SIR নিয়ে নাটক চলছে। রাহুল গান্ধী ভোট কারচুপির তথ্য প্রকাশ করেছেন, কমিশন আগে তার উত্তর দিক।”

উল্লেখ্য, বিহারে SIR শেষ হওয়ার পর থেকেই নবান্ন ও নির্বাচন কমিশনের মধ্যে বিরোধ বাড়ছে। কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার প্রস্তাব পাঠানোর পর সেই টানাপোড়েন তীব্র হয়। ইতিমধ্যেই কয়েকজন রাজ্য প্রশাসনিক কর্মকর্তা স্থগিতাদেশের মুখে পড়েছেন। এবার SIR ইস্যু সেই সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে—শেষ পর্যন্ত কার অবস্থান টিকে থাকবে, তা নিয়েই এখন নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.