বিনোদন

বাংলা ভাষা ও বিপ্লবী সাহিত্যিক রাজশেখর বসুকে নিয়ে প্রথম তথ্যচিত্র

“মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা”, এই অঙ্গীকার আজ যেন চ্যালেঞ্জের মুখে। পরিচালক অভিজিৎ পাল মনে করেন, আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কিংবা রাজশেখর বসু জীবিত থাকতেন, তবে তাঁরা ভাষা ও সংস্কৃতির রক্ষায় লড়াই চালিয়ে যেতেন। সেই বিশ্বাস থেকেই তিনি নির্মাণ করেছেন রাজশেখর বসুর জীবনীভিত্তিক প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদান রাখা রাজশেখর বসু ‘পরশুরাম’ ছদ্মনামে তাঁর তীক্ষ্ণ লেখনীর মাধ্যমে সমাজের অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। পাশাপাশি, তিনি গোপনে ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা যায়, আলিপুর বোমা মামলা-সহ বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল। পরিচালক মনে করেন, স্বাধীনতা দিবস পালন করেও আমরা পরবর্তী প্রজন্মকে ইংরেজি শিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছি, ফলে বাংলা মাধ্যম ক্রমেই পিছিয়ে পড়ছে, এ কারণেই রাজশেখর বসুর মতো ব্যক্তিত্বকে সামনে আনা জরুরি। তথ্যচিত্রে নামভূমিকায় রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়া কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, প্রদীপ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, অপ্রতীম গঙ্গোপাধ্যায়-সহ বহু তারকা অভিনয় করেছেন। শৈশবের রাজশেখরের চরিত্রে বিহান চন্দ।

নদিয়ার বীরনগর, কলকাতা, দ্বারভাঙ্গা, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ও পাটনায় হয়েছে শুটিং। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পরিচালক সন্দীপ রায়, কাজী অনির্বাণ, নেতাজির পৌত্র চন্দ্রকুমার বোস-সহ বিশিষ্টজনরা রাজশেখর বসুর জীবন ও অবদানের কথা বলেছেন। সংগীতে সপ্তক সানাই, কণ্ঠে নচিকেতা চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায় ও সপ্তক নিজে। স্থানীয় মুক্তির আগে তথ্যচিত্রটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ শুধু এক সাহিত্যিকের জীবনকাহিনি নয়, বরং বাংলা ভাষা ও সংস্কৃতিকে বাঁচানোর এক সাংস্কৃতিক আন্দোলন বলেই মনে করছেন পরিচালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.