নদিয়া জেলায় সোমবার ভোর থেকেই ভক্তির আবহ। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে কৃষ্ণগঞ্জের শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে ভিড় জমালেন লাখো ভক্ত। রবিবার সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী গঙ্গা থেকে গঙ্গাজল সংগ্রহ করে ভক্তরা ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান শিবনিবাসে।
কালো মাথার অন্তহীন সারি, কেউ টেবল সাজিয়ে, কেউ বা রঙিন ঘট হাতে পদযাত্রা—দৃশ্য যেন এক মহাতীর্থের। পুলিশি নজরদারি ও স্বেচ্ছাসেবী সংস্থার জল-প্রসাদের ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিশ্বাস, এই শিবলিঙ্গ অত্যন্ত জাগ্রত, মনস্কামনা পূরণে জল ঢালার এই প্রথা চলে আসছে বহু বছর ধরে।
৮ থেকে ৮০—সব বয়সের ভক্তরাই রবিবার রাত বারোটা থেকে শুরু হওয়া এই পূণ্যপর্বে অংশ নেন। সোমবার গোটা দিন ধরে চলবে শিবনিবাসের শিবের মাথায় গঙ্গাজল ঢালার এই আয়োজন।







