ভারতের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে আধার কার্ডের কোনও ভূমিকা নেই—এ কথা ফের একবার স্পষ্ট জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। বিহারের ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, আধার কেবলমাত্র একটি পরিচয়পত্র বা সরকারি পরিষেবা গ্রহণের নথি; একে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা যায় না। আদালতের মতে, নাগরিকত্ব প্রমাণে আরও নির্ভরযোগ্য ও আইনসিদ্ধ নথি প্রয়োজন।
এমন পর্যবেক্ষণ শুধু সুপ্রিম কোর্ট নয়, এর আগে বম্বে হাইকোর্টও দিয়েছে। ওই আদালত বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক ব্যক্তির মামলা খারিজ করে স্পষ্ট জানায়—আধার, ভোটার আইডি বা প্যান কার্ড থাকলেই কেউ ভারতের নাগরিক হয়ে যান না।
ভারতে নাগরিকত্ব প্রদান ও বাতিলের নিয়ম নাগরিকত্ব আইন, ১৯৫৫ দ্বারা নির্ধারিত। জন্মসূত্রে, বংশসূত্রে, ভূমি অন্তর্ভুক্তির মাধ্যমে বা স্বাভাবিকীকরণের (Naturalization) মাধ্যমে নাগরিকত্ব পাওয়া সম্ভব। উদাহরণস্বরূপ, ১ জুলাই ১৯৮৭-এর পরে ভারতে জন্মগ্রহণকারী কোনও ব্যক্তির জন্মের সময় বাবা বা মা ভারতের নাগরিক হলে তিনি ভারতীয় নাগরিক হবেন।
আদালত জানিয়েছে, নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম শংসাপত্র, বাসস্থান শংসাপত্র (ডোমিসাইল), পরিবার রেজিস্টার বা স্কুল সার্টিফিকেটের মতো নথি গ্রহণযোগ্য। জন্ম শংসাপত্র না থাকলে নন-অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট নিয়ে তা তৈরি করা যায়।
আধার বা ভোটার আইডি দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না—এই বিষয়টি সুপ্রিম কোর্ট একাধিকবার স্পষ্ট করেছে। আদালতের মতে, আধার হল সরকারি প্রকল্প ও পরিষেবা গ্রহণের সুবিধার জন্য তৈরি একটি নথি; নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা ও আইনসম্মত প্রক্রিয়া অপরিহার্য।







