নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ঝাড়গ্রামে দলীয় কর্মসূচি সেরে লালগড় যাওয়ার পথে কুড়মিদের বিক্ষোভের মুৃখে পড়তে হল বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে। কুড়মি আন্দোলনকারীরা দিলীপের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। তখন গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। কুড়মি সমাজের আন্দোলনের জন্য এক জন জনপ্রতিনিধি হিসাবে তিনি কী করেছেন, তা বার বার জানতে চান আন্দোলনকারীরা। দিলীপ ঘোষ তখন জানান, মানুষ হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাহায্য করেছেন। খেমাশুলিতে আন্দোলনের সময় চাল-ডাল পাঠিয়েছিলেন বলেও জানান বিজেপি সাংসদ। বিক্ষোভকারীদের তিনি জানান, এর মধ্যে আইনি বিষয় রয়েছে। তাঁদের দাবি লিখিত দিতেও বলেন। আন্দোলনের অধিকার সকলের রয়েছে বলেও বিক্ষোভকারীদের জানান দিলীপ।
কুড়মিদের সাহায্য করেছেন। দিলীপের এই দাবি মানতে নারাজ কুড়মি আন্দোলনের নেতৃত্বরা। সংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছেন কুড়মি সমাজের নেতৃত্বরা। কুড়মিদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেছেন, “২৪ ঘন্টার মধ্যে সাংসদ তিনি যদি প্রকাশ্যে না জানান তিনি কাকে সহযোগিতা করেছেন তাহলে ২৪ ঘণ্টা পর তাঁকে ঘেরাও করা হবে। পাশাপাশি জঙ্গলমহলে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।”







