অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। গত কয়েকদিনের টানা বর্ষণে একের পর এক ভূমিধস, নদীর জল বিপদসীমার কাছাকাছি, ভেঙে পড়েছে সেতু ও রাস্তা। যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সরকারি হিসাবে, বৃষ্টিজনিত বিপর্যয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন।
বৈষ্ণোদেবীর পথে ভয়াবহ ধস
মঙ্গলবার দুপুরে আধকুয়ারি অঞ্চলে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে হঠাৎ পাহাড় ধসে নেমে আসে বিশাল পাথরের স্রোত। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে, শুরু হয় হুড়োহুড়ি। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ রাখা হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, সেনা ও আধাসামরিক বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে।
রেকর্ডবৃষ্টিতে ভেঙে পড়ছে জম্মু
মাত্র ২৪ ঘণ্টায় ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে জম্মুতে, যা গত ১১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এই প্রবল বর্ষণে ভগবতী নগরে তাউই নদীর চতুর্থ সেতুটি ভেঙে পড়ে নদীতে তলিয়ে গেছে বহু গাড়ি। চেনাব ও তাউই-সহ বিভিন্ন নদীর জল বিপদসীমার কাছাকাছি। একই সঙ্গে, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা প্রায় অচল হয়ে পড়েছে। যোগাযোগ সচল রাখতে টেলিকম সংস্থাগুলিকে ইনট্রা সার্কেল রোমিং চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক।
বন্যায় গৃহহীন হাজারো মানুষ
জম্মুর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ায় হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। ভূমিধসের কারণে জম্মু-শ্রীনগর এবং কিশতোয়ার-ডোডা জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ। ভেঙে যাওয়া সড়ক ও সেতুর ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে। এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভয়াবহ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।







