রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনহিতকর শাখা রিলায়েন্স ফাউন্ডেশন মুম্বইতে গড়ে তুলতে চলেছে এক বিশাল মেডিকেল সিটি। এখানে থাকবে প্রায় ২ হাজার শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল, যা বেসরকারি স্বাস্থ্যসেবার নতুন মানদণ্ড স্থাপন করবে । সম্প্রতি রিলায়েন্স ফাউন্ডেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা অম্বানি এই মহতী প্রকল্পের ঘোষণা করেন।
তিনি জানান, এটি শুধুমাত্র একটি হাসপাতাল নয়, বরং ভারতের স্বাস্থ্যসেবা উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডায়াগনস্টিকস, উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের চিকিৎসকরা একত্রে কাজ করবেন এই প্রকল্পে। এর মাধ্যমে রোগীরা সর্বোচ্চ মানের চিকিৎসা পাবে। শুধু চিকিৎসাই নয়, এখানে থাকছে একটি মেডিকেল কলেজ, যেখানে ভবিষ্যতের চিকিৎসকদের জন্য প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ তৈরি হবে। নীতা অম্বানি বলেন, এই উদ্যোগ ভারতের গর্ব বাড়াবে এবং আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করবে।
স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ১০ বছর, এই ঘোষণার সময়েই উদযাপন করা হয় মুম্বইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ১০ বছরের পথচলা। ইতিমধ্যেই এই মাল্টি-স্পেশালিটি হাসপাতাল প্রায় ৩৩ লক্ষ রোগীকে চিকিৎসা পরিষেবা দিয়েছে। সম্প্রতি হাসপাতালটি ‘জীবন’ নামে একটি নতুন বিভাগ চালু করেছে, যেখানে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং বিশেষ করে পেডিয়াট্রিক অনকোলজিতে জোর দেওয়া হচ্ছে। নীতা অম্বানির কথায়, ‘এই শিশু বিভাগটি শুধু চিকিৎসার জন্য নয়, বরং মায়ের উষ্ণতার মতো যত্ন দিয়ে শিশুদের সুস্থ করার জন্য তৈরি করা হয়েছে।’
এই উদ্যোগের মাধ্যমে রিলায়েন্স ফাউন্ডেশন এক বৃহৎ লক্ষ্যের দিকে এগোচ্ছে ভারতের প্রতিটি নাগরিককে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করা। মেডিকেল সিটি প্রকল্পকে কেন্দ্র করে ভারত স্বাস্থ্যখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, নির্ভুল চিকিৎসা ও আন্তর্জাতিক সেরা অনুশীলনকে গ্রহণের পথে অগ্রসর হচ্ছে।







