দিন গুনছে গোটা টলিউড। আর মাত্র ক’টা ভোর, তারপরই দেব হয়ে উঠবেন রক্তমাখা খড়্গ হাতে ‘রঘু ডাকাত’। ২৬ সেপ্টেম্বর মুক্তির আগে থেকেই দর্শকমহলে উত্তেজনা টগবগ করছে। ইতিমধ্যেই টিজার আর গান প্রকাশ্যে আসতেই চারদিকে উন্মাদনা। এবার নজর ট্রেলারের দিকে। তবে স্রেফ প্রকাশ নয়, বরং মেগা ইভেন্টের মাধ্যমে দেব নিজেই তা রূপ দিতে চলেছেন এক অনন্য উৎসবে। আগামী ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসতে চলেছে সেই মহা আসর। প্রস্তুতি কেমন চলছে, তা খতিয়ে দেখতে নিজেই বারবার পৌঁছে যাচ্ছেন দেব। আর এ বার এই আয়োজনকে ঘিরে আলোচনায় কলকাতা পুলিশ কমিশনারের দপ্তরে হাজির হলেন অভিনেতা-সাংসদ। কী এমন গোপন প্রস্তুতি? জল্পনা তুঙ্গে।
দেব অবশ্য জানালেন, ট্রেলার লঞ্চকে কেন্দ্র করে দর্শক-ভক্তদের ভিড় সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই প্রোটোকল মেনে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই হয়েছে কমিশনারের সঙ্গে বৈঠক। যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ইতিমধ্যেই মঞ্চে-সাজসজ্জায় চলছে রাজসূয় যজ্ঞের মতো মহড়া। দেব-ভক্তরা টিকিটের পাশাপাশি সংগ্রহ করছেন ‘রঘু ডাকাত’ লেখা টিশার্টও। অতীত অভিজ্ঞতা বলছে, ‘ধূমকেতু’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল দেব। এবার পুজোয় ‘রঘু ডাকাত’ কতটা আগুন ধরাবে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। দর্শকদের প্রত্যাশা, দেবের নতুন চরিত্র ফের প্রমাণ দেবে— টলিউডে তাঁর নামই শেষ কথা।







