নিজস্ব সংবাদদাতা: পরিণীতা, দেবদাসের পর এবার ‘ দত্তা ‘। ২০ র দশকে আবারও সিনেমার পর্দায় দেখা যাবে ‘ দত্তা ‘। ছবিটিতে এবারে বিজয়া (মুখ্য চরিত্র) র চরিত্রে রয়েছেন বিখ্যাত বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই মাসেই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। বলিউডের অভিনেতা আরবাজ খান দত্তার একটি পোস্টার শেয়ার করে ঋতুপর্ণা সেনগুপ্তকে শুভেচ্ছা জানিয়েছেন।
গল্পকার ও ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা পরিচালকদের কাছে বরাবরই প্রিয়। এর আগেও ১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। ছবিটি নির্মিত হয়েছিল অজয় করের পরিচালনায়। ছবিতে বিজয়ার চরিত্রে ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর জন্যই পরিচালক নির্মল চক্রবর্তী পুনরায় সিনেমার পর্দায় নিয়ে আসতে চলেছে ‘ দত্তা ‘কে। ঋতুপর্ণা ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, জয় সেনগুপ্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবলীনা কুমার প্রমুখ। সম্প্রতি প্রকাশ এসেছে ছবিটির ট্রেলার। কবে মুক্তি পাবে ‘ দত্তা ‘ তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দর্শকরা।
এদিন ছবিটির প্রি-রিলিজের একটি ইভেন্টে পরিচালক নির্মল চক্রবর্তী জানান, জুন মাসের মাঝামাঝিতেই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। তিনি আরও বলেন,’দত্তার দৃশ্যগুলি নিয়ে অন্যান্য সদস্যদের সঙ্গে অনেক আলোচনা করেছি। বিভিন্ন কলাকুশলীদের থেকে অনেক সাহায্যও পেয়েছি। দত্তার ব্যাকগ্রাউন্ডে চারটি গান আছে তার মধ্যে তিনটি রবীন্দ্র সংগীত।’ ছবি প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘ বিজয়া চরিত্রে এর আগেও অনেকে অভিনয় করেছেন। যাদের সাথে নিজেকে তুলনা করা কোনভাবেই সম্ভব নয়। তবে বিজয়ার চরিত্র চিরন্তন। সেই পুরুষশাসিত সমাজে অদম্য জেদ নিয়ে একজন নারী তার গলার ভয়েস ছড়িয়ে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছে। তখনকার মতো যুগে দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন একটা চরিত্র নির্মিত করেছেন। বর্তমান যুগে এমন স্বতন্ত্র-স্বাধীন বিজয়া ঘরে ঘরে প্রয়োজন।’







