খেলাধুলা

শ্রেয়ার কণ্ঠে বিশ্বকাপের ডাক, প্রকাশিত হল মহিলা বিশ্বকাপের থিম সং

মহিলাদের এক দিনের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত থিম সং। গেয়েছেন ভারতেরই শ্রেয়া ঘোষাল। গানের নাম, ‘ব্রিং ইট হোম’—অর্থাৎ ঘরে আনো ট্রফি। একেবারে স্পষ্ট বার্তা, বিশ্বজয়ের মঞ্চে এবার ভারতীয় মহিলাদের হাতেই উঠুক কাঙ্ক্ষিত কাপ।

আইসিসি-র প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্টুডিয়োয় প্রবেশ করে মাইক্রোফোন হাতে নিচ্ছেন শ্রেয়া। তারপর তাঁর কণ্ঠে ধ্বনিত হচ্ছে উদ্দীপনার সুর। উদ্বোধনী অনুষ্ঠানেও এই গান পরিবেশন করবেন তিনি। শ্রেয়া জানিয়েছেন, মহিলাদের ক্রিকেটের শক্তি, ঐক্য ও প্রাণশক্তিকে সামনে আনতেই এই সঙ্গীত। তাঁর কথায়, “ক্রিকেট কোটি মানুষকে এক করে। সেই খেলায় অনুপ্রেরণা যোগানোর জন্য গান গাইতে পারা গর্বের।”

ভারতীয় দলের সামনে চ্যালেঞ্জ বড়। এখনও পর্যন্ত একবারও এক দিনের বিশ্বকাপ জেতেনি ভারত। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হেরে স্বপ্ন ভেঙেছিল মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর দলের। এবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে আবারও সেই সুযোগ এসেছে। র‌্যাঙ্কিংয়ে ভারত এখন দ্বিতীয়, অস্ট্রেলিয়ার ঠিক পিছনে।

৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। থিম সংয়ের সুরেই এবার সমর্থকদের প্রত্যাশা, প্রথম দিন থেকেই জয়ের ছন্দে এগোবেন হরমনপ্রীতরা। শ্রেয়ার কণ্ঠে প্রতিধ্বনিত একটাই বার্তা—ট্রফি এবার ফিরুক ভারতীয় মহিলাদের ঘরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.