চোদ্দ বছর আগে যুবভারতী স্টেডিয়ামে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড বেঁধেছিলেন লিওনেল মেসি। সেদিনের সেই জাদুকরী উপস্থিতি এখনও কলকাতার ফুটবলপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। আর এবার বিশ্বকাপজয়ী অধিনায়ক হয়ে আবারও ভারত সফরে আসছেন ফুটবল মহাতারকা। ডিসেম্বরের মাঝামাঝি তিন দিনের সফরে কলকাতা থেকে মুম্বই ও দিল্লি, একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
ম্যানেজমেন্টের ঘোষণায় জানানো হয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই পা রাখবেন কলকাতায়। সেখানেই হবে তাঁর সফরের সবচেয়ে বড় আকর্ষণ ‘গোট কনসার্ট’। প্রাথমিকভাবে ইডেনে করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত অনুষ্ঠান হবে যুবভারতীতে। সেখান থেকে লেকটাউনে গিয়ে নিজের মূর্তি উন্মোচন করবেন তিনি। এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে আর্জেন্টাইন জাদুকরের।
কলকাতা ছাড়াও মেসির সফরে রয়েছে আরও চমক। ১৪ ডিসেম্বর তিনি যাবেন মুম্বইয়ে। ব্রেবোর্ন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান, যেখানে থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। মেসিকে দর্শক আসনে দেখা যাবে প্যাডেল গোট কাপেও। সেখানেই ক্রীড়া এবং বলিউডের নামজাদা তারকাদের সঙ্গে মিশবেন তিনি। শুধু তাই নয়, সফর চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন বিশ্ব ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।
মেসির সফর নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত। একদিকে কলকাতার আবেগ, অন্যদিকে মুম্বই ও দিল্লির জমকালো আয়োজন—সব মিলিয়ে তিন দিনজুড়ে ভারত মেতে উঠবে ফুটবলের মহোৎসবে। যুবভারতীতে তাঁর পা পড়ার মুহূর্তে আবারও যেন ফিরে আসবে সেই ২০১১-র স্মৃতিচারণা।







