দীপাবলির আলো আসার আগেই ভারতীয় তিরন্দাজিতে জ্বলে উঠেছে এক অনন্য জ্যোতি। এশিয়ান গেমসে সোনার সাফল্যের পর এবার বিশ্বমঞ্চেও ইতিহাস গড়লেন জ্যোতি সুরেখা ভেন্নাম। চিনের নানজিংয়ে আয়োজিত আর্চারি বিশ্বকাপ ফাইনালে ব্রোঞ্জ পদক জিতে প্রথম ভারতীয় মহিলা কম্পাউন্ড তিরন্দাজ হিসেবে নতুন অধ্যায় লিখলেন তিনি। দেশের গর্ব বাড়িয়ে তুললেন এই ২৯ বছরের তারকা।
ব্রোঞ্জ ম্যাচে জ্যোতির সামনে ছিলেন বিশ্বের দুই নম্বর তিরন্দাজ ইংল্যান্ডের এলা গিবসন। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ মনোসংযোগে নিশানায় অটল থাকেন জ্যোতি। টানা ১৫টি ১০ পয়েন্টের নিখুঁত শট—বিশ্ব তিরন্দাজির ইতিহাসে বিরল কৃতিত্ব। ১৫০-র পূর্ণ স্কোরে শেষ করেন তিনি, যখন এলার সংগ্রহ থামে ১৪৫-এ। এই নির্ভুলতায় যেন মিশে ছিল তাঁর দৃঢ়তা, ধৈর্য আর দেশের পতাকার মর্যাদা।
জ্যোতির পাশাপাশি ভারতের তরুণ তিরন্দাজ ঋষভ যাদবও নজর কাড়ছেন পুরুষদের কম্পাউন্ড বিভাগে। গত জুলাইয়ে এই দু’জন মিলে ৭০ বার ‘বুলস আই’ ভেদ করে ১৪৩১ পয়েন্ট তুলে বিশ্বরেকর্ড করেছিলেন। ফলে নানজিংয়ে তাঁর সাফল্য কেবল ব্যক্তিগত নয়, ভারতীয় তিরন্দাজির ধারাবাহিক উৎকর্ষেরই প্রতীক।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রথমবার যুক্ত হতে চলেছে কম্পাউন্ড বিভাগ, যা ভারতীয়দের জন্য এক বড় সুযোগ। সাম্প্রতিক সাফল্য প্রমাণ করছে, এই ইভেন্টে ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিধর দল। আর সেই শক্তির সবচেয়ে উজ্জ্বল মুখ নিঃসন্দেহে জ্যোতি সুরেখা ভেন্নাম—যাঁর ৮৮তম পদকেই ফুটে উঠল নতুন দীপাবলির আলো।







