বিনোদন

গলায় রক্তজবা, এলোকেশী মা — শান্তিপুরে বামা কালীর ঐতিহ্যে মুগ্ধ কেকেআর

নদিয়া: গলায় রক্তজবা, এলোকেশী বামা মা। নদিয়ার শান্তিপুরে কালীপুজোর শেষদিনে সেই ঐতিহ্যবাহী দৃশ্য ফের সাক্ষী রইল লক্ষাধিক ভক্তের। নিরঞ্জনের আগে প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রায় ভক্তদের কাঁধে চেপে নৃত্যরতা হলেন মা বামা। বিসর্জনের আগে দেবীর এই ‘নাচ’ দেখতে মালোপাড়ার কাছে উপচে পড়ল জনসমুদ্র।

এই নাচই এবার পৌঁছে গেল বলিউড তারকা শাহরুখ খানের দলে। কলকাতা নাইট রাইডার্সের (KKR) সরকারি সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়েছে বামা কালীর সেই নৃত্যের ভিডিও। সঙ্গে লেখা— “জয় বামা কালী। ঐশ্বরিক দৃশ্য।” জাতপাত ও ধর্মের সীমানা ছাপিয়ে শাহরুখের দলের এই শ্রদ্ধা বার্তা ইতিমধ্যেই মন জিতে নিয়েছে অসংখ্য ভক্তের।

প্রতি বছর শান্তিপুরে বামা কালীর নিরঞ্জনের আগে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। মশাল, প্রদীপ, ঢাক-ঢোলের তালে শহর প্রদক্ষিণ করে দেবী। মালোপাড়ায় এসে সোনা-রূপোর গয়না খুলে রেখে নিরঞ্জনের আগে ভক্তদের কাঁধে নাচেন দেবী নিজে। প্রায় ছয় দশক ধরে চলে আসছে এই অনন্য রীতি।

‘বামা কালী’ নামটিরও রয়েছে বিশেষ তাৎপর্য। দেবীর বাঁ পা থাকে শিবের বুকে— সেই থেকেই নাম ‘বামা কালী’। বিসর্জনের সময় বিশাল প্রতিমাকে বাঁশের মাচায় তুলে ভক্তরা নেচে নেচে এগিয়ে যান নদীর দিকে। সেই দৃশ্যেই তৈরি হয় এক অলৌকিক মুহূর্ত— যেন দেবী নিজেই নাচছেন তাঁদের সঙ্গে।

স্থানীয়দের বিশ্বাস, এই ঐতিহ্যের পেছনে রয়েছে এক পুরনো কিংবদন্তি। কথিত আছে, দেবী স্বপ্নে আদেশ দিয়েছিলেন— বিসর্জনের আগে শহর প্রদক্ষিণের সময়ে তাঁর দুই বন্ধু দেবী সিদ্ধেশ্বরী ও দেবী চাঁদুনীর সঙ্গে দেখা হবে। সেই আনন্দেই নাচেন মা বামা।

ঐতিহ্য, ভক্তি আর আনন্দে মিশে থাকা শান্তিপুরের এই বামা কালীপুজো শুধু নদিয়া নয়, গোটা বাংলার গর্ব। এবার সেই ঐশ্বরিক দৃশ্যের সাক্ষী রইল শাহরুখ খানের কেকেআরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.