জেলা

কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার এক, দাবি পুলিশের — “স্থানীয় ও বিচ্ছিন্ন ঘটনা”, শান্তি বজায় রাখার আহ্বান

নিজস্ব সংবাদদাতা কাকদ্বীপ: কালীপুজোর সপ্তাহেই কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। ঘটনায় রাজনীতির যোগ নেই, দাবি সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাওয়ের। পুলিশের বক্তব্য— এটি সম্পূর্ণভাবে একটি “স্থানীয় ও বিচ্ছিন্ন” ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের একটি মন্দিরে ওই ঘটনা ঘটে। নারায়ণ হালদার নামে স্থানীয় এক ব্যক্তি প্রতিমাটি ভাঙার কথা স্বীকার করেছে। পুলিশের দাবি, ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত।

কোটেশ্বর রাও বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ দল গঠন করে অভিযান চালানো হয়। নারায়ণ হালদারকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে এবং তার কাজের জন্য অনুশোচনা প্রকাশ করেছে।”

তবে প্রতিমা ভাঙার ঘটনার পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে স্থানীয়রা মূর্তি বিসর্জন করে শান্তিপূর্ণভাবে অভিযোগ জানানোর বিষয়ে রাজি ছিলেন। কিন্তু পরে কিছু বহিরাগত ঢুকে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। তাতে অ্যাম্বুল্যান্স-সহ যানবাহন আটকে পড়ে। পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা ইট-পাথর ছোড়া শুরু করেন।

পুলিশের দাবি, “তখনই প্রতিমাটিকে আরও ক্ষতি থেকে বাঁচাতে সেটিকে একটি পুলিশ ভ্যানে নিরাপদে তুলে নেওয়া হয়। আমাদের প্রথম অগ্রাধিকার ছিল মায়ের প্রতিমার সুরক্ষা এবং রাস্তায় আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।”

এই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে— একদিকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে, অন্যদিকে জাতীয় সড়ক অবরোধের অভিযোগে। পুলিশ জানিয়েছে, উভয় মামলার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কারা অবরোধে ও হিংসায় জড়িত ছিল তা শনাক্ত করতে।

পুলিশের পক্ষ থেকে জনগণকে সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। কোটেশ্বর রাও বলেন, “এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক বা সাম্প্রদায়িক উদ্দেশ্য নেই। আমরা সকলকে অনুরোধ করছি কেউ যেন বিভ্রান্তি বা ভুয়ো তথ্য ছড়ান না। মা কালীর পবিত্রতা আমাদের সবার কাছে সমান গুরুত্বপূর্ণ।”

তবে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার হিন্দু ভাবাবেগ রক্ষা করতে ব্যর্থ। পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, পুলিশ দ্রুত ও সংবেদনশীলভাবে ব্যবস্থা নিয়েছে, যাতে কোনওভাবে সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়। এক প্রবীণ তৃণমূল নেতা বলেন, “যারা এই ঘটনার রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, তারা বাংলার সম্প্রীতির ক্ষতি করছে।”

সুন্দরবন পুলিশ জানিয়েছে, এলাকা এখন সম্পূর্ণ শান্ত। টহলদারি জারি রয়েছে, এবং প্রশাসন পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.