জেলারাজনীতি

আসানসোলে সাড়ে ৩০০ কোটি টাকার প্রতারণা! তৃণমূল সংখ্যালঘু সেলের নেতার ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, সরব শুভেন্দু

আসানসোল | নিজস্ব সংবাদদাতা: একটা-দু’টো নয়, অভিযোগের অঙ্ক একেবারে সাড়ে ৩০০ কোটি টাকা! বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য আসানসোলে। অভিযোগের কেন্দ্রে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য শাকিল আহমেদের পুত্র তহসিন আহমেদ। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ঘটনার সূত্রপাত এক এফআইআর থেকে। অভিযোগ দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার। তাঁর দাবি, “তহসিন আহমেদের সংস্থায় প্রথমে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম। কিছুদিন সুদ মেলায় বিশ্বাস জন্মেছিল। তারপর ৪১ লক্ষ টাকা দিই। কিন্তু এখন আর কোনও রিটার্ন মেলে না। যাঁরা আমার পরামর্শে বিনিয়োগ করেছিলেন, তাঁদের টাকাও আটকে গেছে।”

একই অভিযোগ তুলেছেন মহিশীল কলোনির বাসিন্দা মৌটুসী দত্তও। তাঁর কথায়, “সোনার গয়না বন্ধক রেখে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম। প্রথম কয়েক মাস সুদ পেয়েছিলাম, তারপর সব বন্ধ। আসলটাও ফেরত দিচ্ছে না।”

এই ঘটনায় ইতিমধ্যেই আসানসোল উত্তর থানায় তহসিন আহমেদ-সহ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। প্রতারিত বিনিয়োগকারীরা বৃহস্পতিবার মন্ত্রী তথা আসানসোল উত্তর বিধায়ক মলয় ঘটকের সঙ্গে দেখা করে অভিযোগ জানান। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, প্রশাসন তাঁদের পাশে থাকবে এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

শুভেন্দুর আক্রমণ:
ঘটনার জেরে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে তহসিন আহমেদের একটি ভিডিও শেয়ার করে তিনি দাবি করেছেন, “আসানসোল জুড়ে প্রায় তিন হাজার পরিবারকে ঠকিয়ে তৃণমূল নেতার ছেলে ৩৫০ কোটি টাকার প্রতারণা করেছে।” শুভেন্দু গোটা ঘটনার তদন্তে সেবি ও ইডির হস্তক্ষেপ দাবি করেছেন।

তৃণমূলের পাল্টা:
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “শুভেন্দু অধিকারী সব সময়ই সিবিআই-ইডি তদন্তের দাবি করেন। ওনার কাছে যদি প্রমাণ থাকে, তদন্ত সংস্থাগুলির হাতে তুলে দিন।” অন্যদিকে আসানসোল জেলা তৃণমূল সভাপতি সৈয়দ মাহফুজুল হাসান বলেন, “শাকিল আহমেদ আমাদের দলে কোনও পদে নেই। আইন আছে, প্রশাসন আছে — প্রতারিতরা তাঁদের দ্বারস্থ হন।”

বিজেপির প্রতিক্রিয়া:
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। সারদা, রোজ ভ্যালির পর এখন আসানসোলকেও প্রতারণার আখড়া বানানো হয়েছে। সাধারণ মানুষের ঘামঝরা টাকায় তৃণমূল নেতাদের বিলাস চলছে।”

সূত্রে জানা গিয়েছে, তহসিন আহমেদের বিরুদ্ধে আরও একাধিক বিনিয়োগকারী অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গোটা ঘটনার আর্থিক জাল বিস্তার এবং টাকা কোথায় গিয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.