ঘরের মাটিতে একদিনের বিশ্বকাপ জয়ের সাফল্য এখনও তরতাজা। এবার লক্ষ্য ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অধরা ট্রফি। সেই প্রস্তুতির মঞ্চেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে কার্যত উড়িয়ে দিল ভারতীয় মহিলা দল। সিডনিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ২১ রানে জয় পেল ‘উইমেন্স ইন ব্লু’।
জয়ের ভিত গড়ে দিল ভারতীয় বোলিং আক্রমণ। বিশেষ করে অরুন্ধতী রেড্ডির আগুনঝরা স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হায়দরাবাদের এই পেসার মাত্র ২২ রান খরচ করে তুলে নেন চারটি মূল্যবান উইকেট। অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে কার্যত স্তব্ধ করে দেন তিনি। যোগ্য সঙ্গ দেন শ্রীচরণি (১৪/২) ও রেণুকা সিং (১৪/২)। এলিস পেরি, অ্যাশলে গার্ডনারদের মতো তারকারাও ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি।
বিশেষ করে আলোচনায় অরুন্ধতীর বলে হরমনপ্রীত কৌরের দুর্দান্ত ক্যাচ। অনেকটা পিছনের দিকে দৌড়ে শরীর ছুড়ে পেরিকে ফেরান ভারত অধিনায়ক। সেই মুহূর্তেই ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে চলে আসে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে মাত্র ১৩৩ রানে।
বৃষ্টির দাপটে ম্যাচ বারবার ব্যাহত হলেও ভারতের জয়ের পথে তা বড় বাধা হয়ে দাঁড়ায়নি। তুলনায় কম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন শেফালি বর্মা। মাত্র ১১ বলে ২১ রান করে তিনি দলের রানরেট চড়ান। জেমাইমা রডরিগেজ ঝোড়ো ৯ রান করেন ৩ বলে। স্মৃতি মন্ধানা (১৭ বলে ১৬) ধীরস্থির ইনিংস খেলেন।
মাত্র পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ভারতের স্কোর পৌঁছে যায় ৫০-এ। ঠিক সেই সময় ফের নামে বৃষ্টি। পরে ডিএলএস পদ্ধতিতে ভারতের লক্ষ্য নির্ধারিত হয় ২৯ রান। যা আগেই অতিক্রম করেছিল ভারত। ফলে ডিএলএস নিয়মে ২১ রানের জয় নিশ্চিত হয়।
রিচা ঘোষ, দীপ্তি শর্মা বা অধিনায়ক হরমনপ্রীতের ব্যাট করার প্রয়োজনই পড়েনি। তার আগেই ম্যাচ নিজেদের মুঠোয় পুরে নেয় ভারত। দেশের মাটিতে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারানোর পর এবার বিদেশের মাটিতেও একই দাপট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে হরমনপ্রীতদের।
ইংল্যান্ডের মঞ্চে ট্রফির স্বপ্ন এবার আরও জোরালো।







