সরকারি চাকরিতে নিয়োগপ্রক্রিয়া অনেকটাই সময় সাপেক্ষ। এবার সেই প্রক্রিয়াতেই নজর দিল রাজ্য সরকার। তারপরেই কড়া পদক্ষেপ নিয়ে নয়া বিজ্ঞপ্তি হল। নিয়োগের প্রক্রিয়ার গতি বৃদ্ধি করতে এবার সময়সীমা বেঁধে দিল নবান্ন। মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের প্রতিটি দফতরের সচিবকে পাঠালেন একগুচ্ছ স্পষ্ট নির্দেশ, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন করতে হবে।
নবান্নের সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অথবা অন্য কোনও নিয়োগকারী সংস্থা যখনই প্রার্থীদের জন্য সুপারিশপত্র পাঠাবে, তড়িঘড়ি সেই তথ্য জানিয়ে দিতে হবে চাকরিপ্রার্থীদের। দফতরের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ও ইমেলের মাধ্যমে তাঁদের জানিয়ে দিতে হবে পরবর্তী পদক্ষেপ— পুলিশি যাচাই, স্বাস্থ্যপরীক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সুপারিশপত্র প্রকাশের পর ৩০ দিনের মধ্যেই শেষ করতে হবে পুলিশি যাচাই ও মেডিক্যাল রিপোর্ট তৈরি করার কাজ। যদি এই যাচাইয়ের জন্য সরাসরি সাক্ষাৎ প্রয়োজন হয়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করতে হবে।
প্রশিক্ষণের ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপের বার্তা দিয়েছে নবান্ন। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর যেন দেরি না হয়, তার জন্য দ্রুত প্রশিক্ষণের নির্দেশ পাঠানোর কথা বলা হয়েছে সংশ্লিষ্ট প্রার্থীকে। যদি কোনও আধিকারিক অকারণে বিলম্ব করেন, তবে তাঁকে প্রথমে সতর্ক করা হবে। তবে একই আচরণ একাধিকবার হয়, তাহলে নেওয়া হবে শৃঙ্খলাজনিত শাস্তিমূলক ব্যবস্থা।
পাশাপাশি প্রশাসনের তরফ থেকে কড়া বার্তা রয়েছে, নিয়োগে বিলম্ব চলবে না। অতীতে একাধিকবার দেখা গিয়েছে, পুলিশি যাচাই বা স্বাস্থ্যপরীক্ষা বিলম্বের কারণে বছরের পর বছর আটকে থেকেছে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ। এবার সেই দীর্ঘসূত্রিতা কাটাতে ও প্রশাসনিক গতিশীলতা ফেরাতেই কঠোর মনোভাব দেখাল রাজ্য সরকার।







