রাজ্যজুড়ে মেঘে-রোদে ভালই কেটেছে ইদের দিনটা। এবার তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন ডিগ্রি বাড়তে পারে।
আপাতত যা পূর্বাভাস, তাতে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাওয়ার কথা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে।আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। গত কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম। গত পরশু সকাল সাড়ে ৮টা থেকে গত কাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি মহানগরে।
দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। তবে উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের পাহাড়ঘেঁষা তিন জেলায় কমবেশি বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। সোমবার থেকে উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।







