কলকাতারাজনীতি

ভবানীপুরে বিজেপির জমি রক্ষার বার্তা শুভেন্দুর, ‘মিনি ইন্ডিয়া’ মন্তব্যে ফের রাজনৈতিক তরঙ্গ

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বহিরাগত’ মন্তব্যের পর এবার তাঁরই বিধানসভা কেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ভবানীপুরে এক কর্মসূচিতে শুভেন্দু বলেন, “এটা হচ্ছে মিনি ইন্ডিয়া। এখানে শিখ, সিন্ধি, মাড়োয়ারি, বিহার-উত্তরপ্রদেশের হিন্দিভাষী, ওড়িশা, গুজরাত, রাজস্থানের মানুষ—সবাই আছেন। সেই সঙ্গে আছেন ধর্ম রক্ষার জন্য বাংলাদেশ থেকে আসা হিন্দু বাঙালিরা। এই জায়গা বিজেপির। আমরা এই জায়গা ধরে রাখব।”

শুভেন্দুর বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা—২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ভবানীপুর বিজেপির অন্যতম লক্ষ্যবস্তু। তিনি বলেন, “কালীঘাটের কাছে… কয়েকশো মিটার হাঁটলেই পৌঁছনো যাবে। ইয়ে তো পহেলে ঝাঁকি হ্যায়, অভি বহুত বাকি হ্যায়।” নন্দীগ্রামের স্মৃতি টেনে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে শুভেন্দুর দাবি, “ওঁকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি আমি। ওঁর হয়ে শোভনদেবকে খড়দহ পাঠানো হয়েছিল, নিজে ছাপ্পা মেরে এখানে জিতেছেন।”

উল্লেখ্য, সপ্তাহ দুই আগে বিজয়া সম্মিলনীতে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন—ভবানীপুরে ‘বহিরাগত’ বাড়ছে। পরে তিনি স্পষ্ট করে বলেন, “বহিরাগত বলতে আমি বিজেপিকেই বলেছি, যারা বাইরের লোক এনে ভোটে প্রভাব ফেলার চেষ্টা করে।” সেই বক্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।

এদিনের অনুষ্ঠানে শুভেন্দু ভবানীপুরে দাঁড়িয়ে সেই প্রসঙ্গেই পালটা দেন। পাশাপাশি, রাজ্যে আসন্ন SIR (Summary Revision of Electoral Roll) নিয়ে কমিশনের ভূমিকারও প্রশংসা করেন তিনি। শুভেন্দুর দাবি, “কালই (সোমবার) কমিশন SIR-এর ঘোষণা করতে পারে। BLO-রা যাবেন বাড়ি বাড়ি। ভয় পাবেন না, কমিশন আগের মতো নেই। চারজন WBCS অফিসার সাসপেন্ড হয়েছেন, আরও দু’জনের বিচার চলছে।”

রাজনৈতিক মহলের মতে, মমতার নিজের কেন্দ্রে দাঁড়িয়ে শুভেন্দুর এই তীক্ষ্ণ আক্রমণ এবং ভবানীপুরকে ‘বিজেপির জায়গা’ বলে ঘোষণা—২০২৬-এর ভোটের আগে এক বড় বার্তা। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে ফের ‘দ্বন্দ্বের মহড়া’ শুরু হয়ে গেল কি না, তা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.