কলকাতা

হাজরা মোড়ে কংগ্রেসের বিক্ষোভ

দক্ষিণ কলকাতা: দেশের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে ফের তোলপাড় রাজনীতি। সোমবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির ডাকে হাজরা মোড়ে বিক্ষোভ ও কুশপুতুল দাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় সহ দলের একাধিক পদাধিকারী।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানির কুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানান।

সূত্রে জানা যায়, আমেরিকার অন্যতম জনপ্রিয় দৈনিক ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, দেশের প্রাচীনতম বীমা সংস্থা ভারতীয় জীবন বীমা নিগম (LIC) থেকে প্রায় ৩৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে গৌতম আদানি গোষ্ঠীকে — কেন্দ্রের প্রত্যক্ষ প্রভাবেই।

ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সৌরবিদ্যুৎ প্রকল্পে ঘুষ, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো এবং আমেরিকায় আর্থিক অনিয়মের অভিযোগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। এরপর দেশের একাধিক ব্যাঙ্ক যখন আদানি গোষ্ঠীকে ঋণ দিতে অস্বীকার করে, তখন প্রধানমন্ত্রী মোদি নাকি এলআইসি-কে বাধ্য করেন ওই বিশাল অঙ্কের ঋণ দিতে।

বিক্ষোভ মঞ্চে দাঁড়িয়ে জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বলেন,

“এলআইসি-তে দেশের কোটি কোটি সাধারণ মানুষের সঞ্চয় জমা আছে। সেই অর্থ যদি মোদির বন্ধু আদানির হাতে তুলে দেওয়া হয়, তবে সেটাই দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

অন্যদিকে, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় জানান,

“আমরা এর সম্পূর্ণ তদন্ত চাই। জনগণের টাকা কেন গোপনে কর্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হল, তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।”

হাজরা মোড়ে এই কর্মসূচিতে কংগ্রেসের বহু কর্মী–সমর্থক উপস্থিত ছিলেন। এলাকাজুড়ে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.