কলকাতা

কলকাতায় ফের টাকার পাহাড়! তারাতলা ও লেকটাউনে ইডির বড়সড় অভিযান, উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা

কলকাতায় ফের টাকার পাহাড় ঘিরে চাঞ্চল্য! বৃহস্পতিবার সকাল থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক অভিযানে নামে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার তারাতলায় রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার নগদ অর্থ।

ইডি সূত্রে জানা গিয়েছে, ওই সংস্থার কর্ণধার গৌতম ধন্ধানিয়ার সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির যোগসাজশের প্রমাণ মিলেছে। অভিযোগ, ওই টাকা গোপন এক কক্ষে লুকিয়ে রাখা হয়েছিল। ইডি-র ধারণা, আরও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হতে পারে, কারণ তল্লাশি এখনও চলছে।

শুধু তারাতলায় নয়, একই সময়ে উত্তর কলকাতার লেকটাউনেও তল্লাশি চালানো হয় গৌতম ধন্ধানিয়ার বিলাসবহুল ফ্ল্যাটে। সেখান থেকেও উদ্ধার হয়েছে ৩ কোটি টাকার বেশি নগদ অর্থ ও ১০ কেজিরও বেশি সোনার সামগ্রী, যার বাজারমূল্য প্রায় ১০ কোটিরও বেশি।

ইডি সূত্রে দাবি, বিপুল সোনা ও হীরের গয়না উদ্ধার হলেও ব্যবসায়ী পরিবার তার প্রামাণ্য বিল দেখিয়েছে। ফলে সেগুলি বাজেয়াপ্ত করা হয়নি। তবে, ওই গয়না কেনার জন্য যে অর্থ ব্যবহার হয়েছে, তার উৎস যাচাই করতে গয়না প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, পুর নিয়োগ দুর্নীতির টাকারই একাংশ এইসব সংস্থার মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। কলকাতার দুই প্রান্তে একযোগে অভিযানে এত বিপুল সম্পদ উদ্ধার হওয়ায় ফের প্রশ্ন উঠেছে—নিয়োগ দুর্নীতির টাকার স্রোত শেষ পর্যন্ত কোথায় গিয়ে মিশছে?

ইডি সূত্রে খবর, তারাতলা ও লেকটাউন—দুই জায়গাতেই রাতভর তল্লাশি চলবে। উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার হিসাব মিলিয়ে দেখা হচ্ছে পুর নিয়োগ দুর্নীতি মামলার আর্থিক লেনদেনের সঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.