এসআইআর বিতর্কের আবহে ফের উত্তেজনা দক্ষিণ দিনাজপুরে। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সুকান্ত মজুমদার তাঁর এক্স (টুইটার) হ্যান্ডেল ও ফেসবুক পেজে দুই বাংলাদেশি নাগরিকের পরিচয়পত্র প্রকাশ করেন।
সাংসদের দাবি, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার করখা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান ও তাঁর স্ত্রী লাভলি বেগম বাংলাদেশি নাগরিক হয়েও অবৈধভাবে ভারতে বসবাস করছেন। তিনি জানান, এই দুই অনুপ্রবেশকারীর বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রসহ অভিযোগ বংশীহারী থানায় জমা দেওয়া হলেও, দীর্ঘ দুই বছরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।
সুকান্ত মজুমদারের পোস্টে সংযুক্ত ছিল অভিযোগপত্র ও উল্লিখিত বাংলাদেশি পরিচয়পত্রের অনুলিপি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়। তবে, সোমবার সকাল থেকে ওই দুই অভিযুক্তকে আর এলাকায় দেখা যায়নি। প্রতিবেশীদের দাবি, রবিবার রাত থেকেই তাঁদের বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে। কেউ কেউ জানান, “ওদের বাড়ি বাংলাদেশেই। কিছুদিন আগে ওরা এখানে আসে। এখন আর দেখা যাচ্ছে না।”
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের নভেম্বরে করখা গ্রামের বাসিন্দা ফিরোজ মিঞা প্রথম ওই দম্পতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর স্ত্রী নাসিমা পারভিনও সুকান্তর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বলেন, “দুই বছর কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”
বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুলিশ নিষ্ক্রিয়। এই ধরনের ঘটনা বিপজ্জনক। দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়া উচিত।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি সুভাষ চাকী প্রতিক্রিয়ায় বলেন, “সোশ্যাল মিডিয়ায় কে কী পোস্ট করলেন, সেটা আইনি প্রমাণ নয়। পুলিশ তদন্ত করছে। আদালতে প্রমাণ হাজির হলে তবেই ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন পর্যন্ত অভিযুক্ত দম্পতির কোনও হদিস মেলেনি।







