মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, ভোটার লিস্টে বাবার নাম ভুল আসায় চরম মানসিক চাপে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বুথে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা রাজেশ আলী হঠাৎই বিষপান করেন। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, রাজেশের অবস্থা আশঙ্কাজনক।
পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় রাজেশের বাবার নাম সঠিকভাবে ছিল। কিন্তু সাম্প্রতিক ভোটার তালিকায় সেই নাম ভুল এসেছে। এই নিয়েই দিন কয়েক ধরে ভয় ও মানসিক চাপে ভুগছিল রাজেশ। অবশেষে সেই আতঙ্ক থেকেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান তৃণমূল জেলা নেতৃত্ব। জেলা সহ-সভাপতি প্রসূন ব্যানার্জি বলেন, “ভোটার তালিকায় এমন ভুল মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া।”
অন্যদিকে, বিজেপি বিধায়ক চিনময় দেববর্মনও নির্বাচনী দফতরের গাফিলতির অভিযোগ তুলেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার এখন নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে।







