রনজি ট্রফিতে রীতিমতো চমক দেখিয়ে চলেছে জম্মু-কাশ্মীর দল। গতবার যেখানে রোহিত শর্মার মতো তারকার মুম্বইকে হারিয়েছিল তারা, এবার তার থেকেও বড় কীর্তি গড়ল। শক্তিশালী দিল্লিকে তাদের ঘরের মাঠে ৭ উইকেটে হারাল জম্মু-কাশ্মীর। রনজির ইতিহাসে এই প্রথমবার দিল্লিকে তাদের নিজেদের মাঠে হারাল তারা। গতবার শরদ পওয়ার স্টেডিয়ামে জম্মু-কাশ্মীরের কাছে মুম্বইয়ের হার অনেকের কাছে কাকতালীয় মনে হয়েছিল। কিন্তু এবার দিল্লিকে তাদের ঘরের মাঠে এভাবে হারিয়ে জম্মু-কাশ্মীর প্রমাণ করল, তাদের এই জয় কোনোভাবেই নিছক ভাগ্য নয়।প্রথম ইনিংসে ঘরের মাঠে দিল্লি ২১১ রান করেছিল। তাদের হয়ে আয়ুষ বদোনি (৬৪), আয়ুষ দোসেজা (৬৫) এবং সুমিত মাথুর (৫৫) রান করেন। জম্মু-কাশ্মীরের আকিব নবি নিয়েছিলেন ৫টি উইকেট। জবাবে জম্মু-কাশ্মীর তাদের প্রথম ইনিংসে ৩১০ রান করে, যার ফলে তারা ৯৯ রানের গুরুত্বপূর্ণ লিড পায়। অধিনায়ক পারস ডোগরা (১০৬) শতরান করেন এবং ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ আব্দুল সামাদ করেন ৮৫ রান।
৯৯ রানে পিছিয়ে থাকা দিল্লি দ্বিতীয় ইনিংসে একটু ভালো খেললেও বড় রান করতে পারেনি। তারা ২৭৭ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও সেই দুই আয়ুষ রান করেন—বদোনি ৭২ এবং দোসেজা ৬২। তবে জম্মু-কাশ্মীরের বংশরাজ শর্মা একাই ৬ উইকেট তুলে নিয়ে নজর কাড়েন।
জয়ের জন্য জম্মু-কাশ্মীরের দরকার ছিল মাত্র ১৭৯ রান। ওপেনার কামরান ইকবাল ১৩৩ রানের একটি অসাধারণ শতরানের ইনিংস খেলেন। টপ ও মিডল অর্ডারের বাকিরা খুব বেশি রান না পেলেও ইকবালের ব্যাটে ভর করে সহজেই ম্যাচটি জিতে নেয় জম্মু-কাশ্মীর।চলতি রনজিতে চার ম্যাচের মধ্যে দুটি জিতে এলিট গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জম্মু-কাশ্মীর। তাদের সংগ্রহ এখন ১৪ পয়েন্ট। অন্যদিকে, চার ম্যাচের একটিতেও জিততে না পারায় খারাপ অবস্থায় রয়েছে দিল্লি। ৭ পয়েন্ট নিয়ে দেশের রাজধানীর দল এখন ষষ্ঠ স্থানে। শীর্ষে রয়েছে ১৭ পয়েন্ট নিয়ে মুম্বই।







