ক্রাইমদেশ

রসায়নে এমফিল, পেশায় ডাকাত! দিল্লিতে গ্রেপ্তার ‘বিজ্ঞানী ডাকাত’ শুভম

যে হাতে কলম থাকার কথা, সেই হাতেই বন্দুক! যে মেধা গবেষণাগারে উজ্জ্বল হওয়ার কথা, তা ব্যবহার হল অপরাধ জগতে—এমনই এক অবাক করা ঘটনার সাক্ষী রাজধানী দিল্লি। রসায়নে এমফিল পাশ করা এক যুবককে দুই গয়নার দোকানে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

অভিযুক্তের নাম দীপ শুভম (৩২)। বিহারের সীতামঢ়ীর বাসিন্দা শুভম বর্তমানে হরিয়ানার সোহনায় থাকত। শনিবার সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের দাবি, দুটি সশস্ত্র ডাকাতির মামলায় সে ফেরার ছিল। আরও চমকপ্রদ তথ্য—২০১৭ সালে বিহারের এক ব্যাঙ্ক ডাকাতির ঘটনায়ও সে দোষী সাব্যস্ত হয়েছিল।

ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার হর্ষ ইন্ডোরা জানান, “নিজের রসায়নের জ্ঞানকে অপরাধে ব্যবহার করত শুভম। বিহারে ব্যাঙ্ক ডাকাতির সময় সে নিজেই তৈরি করেছিল ‘স্মোক বম্ব’—মিথাইল অ্যাসিটেট ও বেনজিন মিশিয়ে।”

তদন্তে জানা গিয়েছে, শুভম দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি (অনার্স), এমএসসি এবং এমফিল পাশ করেছে। এমনকী বিশাখাপত্তনমে কিছুদিন আইন নিয়েও পড়াশোনা করেছিল। কিন্তু মেধা কাজে লাগল অপরাধের পথে।

২০২১ সালে গুজরালওয়ালা এলাকায় দুটি গয়নার দোকানে অস্ত্রের মুখে ডাকাতির ছক কষে শুভম ও তার দল। একটি দোকান থেকে লুঠ হয় ৬ লক্ষ টাকার বেশি নগদ ও মোবাইল ফোন, অন্য দোকান থেকে প্রায় ৭০ হাজার টাকা। জামিনে মুক্তি পেয়ে সে ফের আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, ক্রমাগত ঘাঁটি বদলে পুলিশের চোখ এড়াতে থাকে। অবশেষে সোহনা থেকে তাকে হাতেনাতে ধরতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারের সময় শুভম স্থানীয় একটি বেসরকারি সংস্থায় ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করছিল বলে জানিয়েছে পুলিশ।
এক পুলিশকর্তার মন্তব্য, “অত্যন্ত বুদ্ধিমান যুবক, কিন্তু সেই মেধাই তাকে নিয়ে গেছে বিপজ্জনক পথে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.